আদাবরে বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া হামলার ছবি
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমইপি)। অভিযানে ২ ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে এ তথ্য।
এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় আদাবর শ্যামলী হাউজিংয়ে আটতলা বাড়ি দখলের চেষ্টায় রামদা, চাপাতি, পিস্তলসহ প্রায় ২০ জনের একটি দল হামলা চালায়। হামলার ওই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।
ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ করেন, থানার কাছেই হামলার এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়নি পুলিশ।
হামলার পরপর বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মনির হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হলে তারা বাইরে থেকে টাকা দাবি করে হুমকি দিতে থাকে। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
তিনি বললেন, হামলাকারীরা গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরো দিয়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচ ভেঙে ফেলে। বাড়িতে হামলার পর ভাড়াটিয়ারা নিচে নেমে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
মনির হোসেনের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর একবার বাড়িটি দখল করা হয়েছিল। তার ভাষ্য, ওই বছরের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করে নেন। পরে আদাবর থানায় অভিযোগ দিয়েও সমাধান না হওয়ায় তারা আদালতে মামলা করেন। গত ১২ মার্চ আদালতের মাধ্যমে বাড়িটির দখল ফেরত পান তারা।



