গুলশানে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
আজ শনিবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।




