সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন স্বাক্ষরিত বহিষ্কারাদেশের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ঘটনার প্রায় তিন ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত আসে।
বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এমদাদ হোসেন আখন্দকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে তাকে ফ্যাসিস্ট সরকারের দোসর বলেও উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. জামাল প্রধান বৃহস্পতিবার সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।
পরে তারা অনুষ্ঠানস্থলে গেলে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার সমর্থকদের নিয়ে সেখানে যান। এ সময় জামাল প্রধানের সমর্থকেরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি ও কাঠের রোল দিয়ে পাল্টাপাল্টি মারধর।
সংঘর্ষের সময় সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে আশ্রয় নেন। পরে এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে জামাল প্রধানও রয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামাল প্রধানের পক্ষের বলে পরিচিত আওয়ামী লীগ নেতা আবু জাহেরকে অস্ত্র হাতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিওটির বিষয়ে স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।




