বায়না ধরে মায়ের সঙ্গে বাইরে গিয়ে অটোরিকশার চাপায় প্রাণ গেল ছোট্ট নওরিনের

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি ঢাল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নওরিন (আড়াই বছর) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির বাবা ভ্যানচালক নাজিম মিয়া জানালেন, বিকালে তিনি কাজে বের হচ্ছিলেন। এ সময় মেয়ে নওরিনও বাইরে যাওয়ার জন্য বায়না ধরে। পরে স্ত্রী শিরিনা বেগম, ছেলে সজীব ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন।
‘একপর্যায়ে নওরিন হাত ছাড়িয়ে সামনে চলে যায়। তখন দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।’—যোগ করেন তিনি।
স্থানীয়রা প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানালেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত নওরিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের ভ্যানচালক নাজিম মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারটি রাজধানীর বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। দুই ভাইবোনের মধ্যে নওরিন ছিল দ্বিতীয়।




