‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক ক্লিকেই মিলবে সেবা

ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই আবেদন, অভিযোগ, পরামর্শ, তথ্য এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাপটির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকবে। একই সঙ্গে আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই অনুসরণ করা যাবে।
এ ছাড়া জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট, এনজিও-সংক্রান্ত সেবা, লাইসেন্সিং, মিউটেশন, অর্পিত সম্পত্তি এবং বিভিন্ন ধরনের নাগরিক সহায়তাসহ একাধিক সেবা অ্যাপটির মাধ্যমে পাওয়া যাবে।
প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরের রিভিউ প্রক্রিয়া শেষ হলে এটি প্লে স্টোর ও অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এ ছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করা যাবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯৬১৬০৬০৬০ নম্বরে সরাসরি কল করেও সেবা নেওয়ার সুযোগ থাকবে।
জেলা প্রশাসক ফরিদা খানম উল্লেখ করেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই জেলা প্রশাসনের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা মন্তব্য করেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সরকারি সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তার ভাষ্য, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টার একটি কার্যকর উদাহরণ। নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।





