সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নারী নিহত
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মহাখালীর কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছেন দুলালী (৫০) নামের এক নারী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় টিএন্ডটি মাঠের পাশে ঘটে এ ঘটনা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কড়াইল বস্তির বেলতলা এলাকায় ময়লার ভাগাড়ের সামনে দুলালীকে চাপা দেয় ডিএনসিসির একটি ময়লার গাড়ি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত দুলালীর বাড়ি ময়মনসিংহের শেরপুরে। তার স্বামী বাদশা পেশায় ভ্যানচালক। তারা মহাখালীর টিএন্ডটি মাঠের পাশে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম।




