লালবাগে বস্তায় মিলল খণ্ডিত হাত-পা

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর লালবাগের শহীদনগর ঘোড়াপট্টি বেড়িবাঁধ এলাকায় বস্তাবন্দি অবস্থায় মানুষের খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল ৫টার দিকে লালবাগ থানা পুলিশ বস্তাটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বস্তাটি দুই-তিন দিন ধরে সেখানে পড়ে ছিল। আজ বিকালে বস্তা থেকে পচা গন্ধ বের হলে স্থানীয়রা বস্তা খুলে ভেতরে মানুষের একটি রক্তাক্ত হাত ও পায়ের খণ্ডিত অংশ দেখতে পান। পরে লালবাগ থানা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসীন্দা সুজন জানান, দুই-তিন দিন আগে সালমান ও মনির নামে দুই শিশু বস্তাটি সেখানে পড়ে থাকতে দেখেছিল। শনিবার পচা গন্ধ বের হলে ওই দুই শিশু খুলে খণ্ডিত মানুষের দেহের অংশ দেখতে পায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে লালবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বললেন, খণ্ডিত অংশগুলো কীভাবে সেখানে এলো খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে সবুজবাগের মাদারটেকের থেকে এক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়। তবে দুই দিনেও ওই নারীর লাশের বাকি অংশ উদ্ধার করতে ও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মাদারটেক বাগানবাড়ি কালভার্ট সংলগ্ন খালপাড়ে যায় সবুজবাগ থানা পুলিশ। খালের ময়লার স্তূপে ফেলে রাখা একটি পলিথিন অজ্ঞাতিক নারীর খণ্ডিত মাথা ও শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া দুই হাত দেখা যায়।




