রাস্তায় টিস্যু ফেলার মানসিকতা পরিহার করতে হবে : ডিএনসিসি প্রশাসক

সংগৃহীত ছবি
চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেছেন, প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ এর লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।
আজ শনিবার রাজধানীর মহাখালীর আঞ্চলিক কার্যালয়-৩ এর সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে প্রশাসক বলছিলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী। অনুষ্ঠান উদ্বোধনের পর একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন স্তরের কর্মচারীরা।






