টিআইবির গবেষণা
বড় ডেভেলপারদের হাতে জিম্মি আবাসন খাত

গ্রাফিকস: আগামীর সময়
রাজনৈতিক ছত্রছায়া, প্রশাসনিক যোগসাজশ এবং মধ্যস্বত্বভোগীদের একটি শক্তিশালী চক্রের মাধ্যমে দেশের আবাসন খাতের বড় ডেভেলপারদের একাংশ রীতিমতো ‘মাফিয়াতন্ত্র’ কায়েম করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, এই প্রভাবশালী চক্রটির কাছে পুরো খাতের নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক কাঠামো জিম্মি হয়ে পড়েছে। গতকাল বুধবার রাজধানীতে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। টিআইবির সাবেক রিসার্চ ফেলো অতনু দাস প্রতিবেদনটি উপস্থাপন করেন।
গবেষণায় দেখা গেছে, রাজনীতিবিদ, প্রশাসন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতের কারণে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একটি আবাসন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত অর্থ বা ‘স্পিড মানি’ লেনদেন হয়। এই হিসাবে ২৫ একরের একটি প্রকল্পে প্রায় ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়, যা কোম্পানিগুলো তাদের বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে দেখিয়ে থাকে। এ ছাড়া ক্রেতাদের সঙ্গে প্রতারণার চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। নির্ধারিত সময়ে প্লট হস্তান্তর না করা, একতরফাভাবে বরাদ্দ বাতিল এবং জমা করা অর্থ ফেরত না দেওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে।



