ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালটেন্টের মরদেহ

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহামেদ (৫১) নামে এক মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ১০ নম্বর সড়কে আবেশ হোটেলের পেছনে একটি সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) এস এম আব্দুল গফুর জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় জাবেদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে জাবেদের স্ত্রী শাহানা জাবিন খান ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিল জেলেরা
২২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ভাষ্য, জাবেদ পেশায় মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। আর্থিক সংকটের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে।
তবে তার মৃত্যু আত্মহত্যা, পানিতে পড়ে যাওয়া নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। হত্যার কোনো আলামত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের সোহরত হাল প্রতিবেদনে বলা হয়েছে, জাবেদের অণ্ডকোষ অস্বাভাবিকভাবে ফোলা ছিল। তবে শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে জাবেদের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, প্রায় চার থেকে পাঁচ মাস ধরে অসুস্থতার কারণে তার এমন শারীরিক সমস্যা ছিল।
জাবেদের স্থায়ী ঠিকানা রাজধানীর বনানী ১৩ নম্বর সড়কের ১২২ নম্বর বাসা। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের ১ নম্বর সড়কের ৫৫৬/৬৭ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম সালাউদ্দিন আহামেদ।
ঘটনাটি তদন্ত করে দেখছে ধানমন্ডি থানা পুলিশ।




