আর্জেন্টিনার ম্যাচ চলাকালে আতশবাজি বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে ৪

ফাইল ছবি
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ চলাকালে আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন— মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)।
গতকাল রবিবার রাত ২টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ সাকিব মিরপুরের বিইউবিটির অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মিরপুর ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাহসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায়।
আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান।
তিনি জানিয়েছেন, মিরপুর থেকে আতশবাজির বিস্ফোরণে চার যুবককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে তিনজনের দগ্ধের পরিমাণ কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আহত সাকিব নামে একজনকে ভর্তি রাখা হয়েছে, তার দুই পা দগ্ধ হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানিয়েছেন, রাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি ফাটাচ্ছিল। হঠাৎ বিস্ফোরণে আগুনে চারজন দগ্ধ হন।







