রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রাজধানীতে গ্রেপ্তার

বেলাল আহমেদ।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদসহ (৬০) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ।
গতকাল সোমবার রাতে রামপুরা থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বেলাল আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮), রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল আনুমানিক রাত পৌনে ১২টার দিকে রামপুরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তবে তাদের ঠিক কোন মামলায় বা কিসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি।



