ঢাকার দুই সিটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মেয়র প্রার্থী ঘোষণা

ডিএসসিসির প্রার্থী মাহবুবুল হক ও ডিএনসিসি প্রার্থী মুর্শিদুল আলম সিদ্দীক
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির প্রার্থী হয়েছেন মাওলানা মাহবুবুল হক এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) প্রার্থী হয়েছেন মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক।
আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মাহবুবুল হক প্রখ্যাত আলেম ও শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর সন্তান। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বড় ভাই। অন্যদিকে ঢাকা উত্তরে দলীয় মনোনয়ন পাওয়া মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক দলটির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস পূর্ণ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের পরিকল্পনা করছে। দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার মেয়র এবং সিটি করপোরেশনগুলোয় দলীয় প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া চলমান।
তিনি বলেন, এরই মধ্যে বিভিন্ন এলাকায় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর গুরুত্বপূর্ণ দুই সিটি করপোরেশনে দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে প্রার্থী বাছাই ও মনোনয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার প্রার্থীদের নামও ঘোষণা করা হবে।



