‘আমিও মরব, তোদেরকেও মারব’ বলেই শরীরে আগুন

গ্রাফিকস: আগামীর সময়
শুক্রবারই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন ঢাকার সূত্রাপুরের মো. ইমন। পরদিন গতকাল শনিবার দগ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পরিবারের সদস্যদের দাবি, নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছিলেন তিনি। একই সঙ্গে পরিবারের আরও কয়েকজনের শরীরে একইভাবে দিয়েছেন আগুন। গতকাল বিকালে শ্যামবাজার এলাকার একটি বাড়িতে ঘটে এ ঘটনা। দগ্ধরা হলেন— পিকআপচালক সিদ্দিক মেম্বার (৬০), তার ছেলে সৌদিপ্রবাসী মো. ইমন (২৫), সিদ্দিকের দুই ভাগ্নে মো. রাজিব (৩৫), মো. দুলু ওরফে আরিফ (৩৬) ও ভাগনি মোছা. তানিয়া (১৭)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানালেন, সিদ্দিক মেম্বারের শরীরের ৩৫, ইমনের ৯০, রাজিবের ১৫, দুলুর ৮ ও তানিয়ার ৬০ শতাংশ শরীর পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ সিদ্দিকের মেয়ে সুলতানা বললেন, ‘তিন দিন আগে আমার ছোট বোন সাথীর সঙ্গে মামাতো ভাবি সোনিয়ার ঝগড়া হয়। পরে শুক্রবার আমার ভাই ইমন সৌদি থেকে আসে। ওই ঝগড়াকে কেন্দ্র করে রেগে বিকালে ইমন পেট্রল ঢেলে ঘরে আগুন দেয়।’
সোনিয়ার ভাষ্য, “শনিবার বিকালে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে বললেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব’।” এ কথা বলেই নিজের ও অন্যদের গায়ে প্যাট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।



