মুরগির ব্যবসার আড়ালে ইয়াবার কারবার, ঘরে মিলল ২৫০০ পিস

অভিযানে ইসহাকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০০ পিস ইয়াবা। ছবি : আগামীর সময়
বাইরে থেকে দেখলে তিনি একজন সাধারণ মুরগি ব্যবসায়ী। প্রতিদিনের মতোই চলত ব্যবসার ব্যস্ততা। কিন্তু সেই ব্যবসার আড়ালেই চলছিল ভয়ংকর এক মাদক কারবার। শেষ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফাঁস হলো তার গোপন কর্মকাণ্ড।
রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০০ পিস ইয়াবা।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। এই অভিযানের নেতৃত্ব দেন ডিএনসির পরিদর্শক কাজী হাবিবুর রহমান।
মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার একটি বিশেষ আভিযানিক দল দক্ষিণ মুগদাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর বাড়িতে ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মুরগি ব্যবসার আড়ালে এলাকায় অবৈধভাবে মাদক বেচাকেনা করে আসছিলেন। তার এই গোপন কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়ার পরই নজরদারি শুরু করে ডিএনসি।
গ্রেপ্তার ইসহাকের বিরুদ্ধে মুগদা থানায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএনসি।








