শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফাহাদ হাওলাদার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফাহাদ স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নানা জাহাঙ্গীর হোসেন জানান, ফাহাদ কম সাঁতার জানত। দুপুরে দাদা আজগর আলী হাওলাদারের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে পানিতে ডুবে তলিয়ে যায় ফাহাদ।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় বিকেল পৌনে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ফাহাদ মাদারীপুরের কালকিনি থানার চটপটি বিক্রেতা মো. ফারুক হাওলাদারের ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে ডেমরার সারুলিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহাদ ছিল দ্বিতীয়।






