বৃষ্টি উপেক্ষা করে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে তরুণদের ঢল
আগামীর সময় প্রতিবেদক

সংসদ ভবনের সামনে বকুলতলা থেকে
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি উদযাপন করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ইতোমধ্যে জমে উঠেছে অনুষ্ঠানস্থল। বৃষ্টির মধ্যেও আছে উৎসবের আমেজ। আজ বুধবার দুপুর থেকে রাজধানীতে থেমে থেমে ভারী বৃষ্টি হয়। আর তা উপেক্ষা করে ভিড় করেন অনেক তরুণ-তরুণী।
মুষলধারে বৃষ্টি পড়ায় অনেকেই ছাতা, রেইনকোট কিংবা অস্থায়ী ত্রিপলের আশ্রয় নিয়েছিলেন। আবার কেউ কেউ বকুলতলায় বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের এই উপস্থিতি অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসের কথাই জানান দিচ্ছে।
অনুষ্ঠানস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছিলেন। দর্শনার্থীদের প্রবেশ ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে অব্যাহত রয়েছে নজরদারিও।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উন্মুক্ত কনসার্টের আয়োজন। বৈরী আবহাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়েই অনুষ্ঠান শুরু হবে বলে তারা আশা প্রকাশ করেন।







