মাদকে ভাঙছে পরিবার
- ইয়াবা-আইসের সাম্রাজ্য অক্ষত অভিযান বৈধ বারে
- বাড়ছে কিশোর গ্যাং ও অপরাধ
- প্রতি বছর পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকার মোহাম্মদপুরের একটি মধ্যবিত্ত পরিবারের গৃহকর্ত্রী রেহানা বেগম (ছদ্মনাম)। তার বড় ছেলে আরিফ দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুই বছর আগে বন্ধুদের প্ররোচনায় প্রথমে ইয়াবা, পরে আইসের নেশায় জড়িয়ে পড়ে সে। ধীরে ধীরে বদলে যেতে থাকে শান্ত স্বভাবের ছেলেটি। মাদকের টাকা জোগাড় করতে চুরি করেছে ঘরের জিনিসপত্র। বিক্রি করে মায়ের বিয়ের গয়নাও। মারমুখী হয়ে ওঠে পরিবারের সদস্যদের ওপর। আর এখন টানছে জেলের ঘানি।
সম্প্রতি ছেলের পরিস্থিতি নিয়ে আগামীর সময়ের কাছে আক্ষেপ করছিলেন তিনি। চোখ মুছতে মুছতে রেহানা বলছিলেন, ‘আমার শান্ত ছেলেটা চোখের সামনে পশুর মতো হিংস্র হয়ে উঠল। আজ আমার ছেলে জেলে, আর ওর বাবা স্ট্রোক করে বিছানায়। আমাদের পুরো পরিবারটা জীবন্ত লাশ হয়ে গেছে। অথচ পাড়ার যেসব লোক আমার ছেলের হাতে মাদক তুলে দিয়েছিল, তারা বুক ফুলিয়ে রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরে বেড়ায়।’
রেহানার এই আর্তনাদ শুধু একটি পরিবারের গল্প নয়, মাদকের ভয়াল থাবায় প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য পরিবার। নিভে যাচ্ছে সম্ভাবনাময় তরুণদের জীবনপ্রদীপ। যে বয়সে তরুণদের হাতে থাকার কথা বই, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়— সে বয়সে অনেকেই জড়িয়ে পড়ছে ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও আইসের মতো মরণনেশায়। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে কেউ জড়াচ্ছে চুরি ও ছিনতাইয়ে, কেউবা হয়ে উঠছে ভয়ংকর অপরাধী। অথচ প্রশাসন ‘লোকদেখানো’ অভিযান চালিয়ে দায় সারছে।
মাদকের ছায়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার
শহর থেকে গ্রাম, সর্বত্র ছড়িয়ে পড়েছে মাদকের অবৈধ কারবার। এ কারবার নিয়ন্ত্রণে যুক্ত করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। অপরাধ বিশ্লেষকদের মতে, মাদক ও কিশোর অপরাধের মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। মাদক সরবরাহকারী চক্রের সঙ্গে অপরাধী গোষ্ঠীর যোগাযোগ তরুণদের অপরাধজগতে টেনে নিচ্ছে।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আনকটাড (UNCTAD) এবং সংশ্লিষ্ট অপরাধ অনুসন্ধান বিভাগের তথ্য বিশ্লেষণের বরাতে জানা গেছে, মাদক চোরাচালান ও অবৈধ কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকার বেশি বিদেশে পাচার হচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে মাদকবাণিজ্য থেকে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে বলে দাবি করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ মাদক বাজারের আকারও বিপুল। বিভিন্ন গবেষণা ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ইয়াবা ও সিনথেটিক ড্রাগের বার্ষিক বাজারমূল্য ৩ থেকে ৫ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে যা প্রায় ৩৫ থেকে ৫০ হাজার কোটি টাকা। অপরাধ বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, শুধু ইয়াবার বার্ষিক বাণিজ্যই প্রায় ৬০ হাজার কোটি টাকা। এ বিপুল অর্থের একটি অংশ হুন্ডি ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে পাচার হচ্ছে। গড়ে উঠছে অবৈধ অস্ত্রের ব্যবসা, অপরাধী নেটওয়ার্ক এবং প্রভাবশালী মহলের অর্থনৈতিক যোগসূত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অপরাধবিজ্ঞানীদের বিভিন্ন সময়ের সমীক্ষার বরাতে দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা ৭৫ লাখ থেকে ১ কোটি বলে উল্লেখ করা হয়েছে। এদের বড় একটি অংশ ইয়াবায় আসক্ত। ফলে মাদকের বাজার শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি এখন জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় হুমকি।
পর্দার আড়ালে গডফাদার, মাঠে খুচরা বিক্রেতা
সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের তথ্যমতে, প্রতিদিন বিভিন্ন রুটে বিপুল পরিমাণ ইয়াবা ও আইসের চালান রাজধানীতে প্রবেশ করছে। এ সরবরাহব্যবস্থা সচল রাখতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে সংঘবদ্ধ চোরাচালান চক্র। ১৮টি জেলার অন্তত ১০৫টি সীমান্ত পয়েন্ট মাদক প্রবেশের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির অসাধু সদস্যের আশ্রয়-প্রশ্রয়ে মাদক কারবারিরা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিককালে কিছু ব্যাংক হিসাবের তদন্তে মাঝারি সারির মাদক কারবারি ও তাদের স্বজনদের মোবাইল আর্থিক সেবার হিসাবে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। অথচ এসব অর্থের উৎস, নেপথ্যেরঅর্থদাতা এবং মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে বারবার ছোট কারবারিরা গ্রেপ্তার হলেও অক্ষত থেকে যাচ্ছে মাদক সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রকরা।
অভিযানের আলো বার-ক্লাবে, অন্ধকারে সিন্ডিকেট
মাদকবিরোধী অভিযানের লক্ষ্য ও অগ্রাধিকার নিয়েও প্রশ্ন উঠেছে। গত ছয় মাসের অভিযান-সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা মহানগরের বিভিন্ন নিবন্ধিত বার, ক্লাব ও পাঁচতারকা হোটেলে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪২টি অভিযান চালানো হয়েছে।
অভিযোগ রয়েছে, এসব অভিযানের বড় অংশের লক্ষ্য ছিল অ্যালকোহল মজুদ, বিক্রি ও লাইসেন্সের শর্ত-সংক্রান্ত অনিয়ম খুঁজে বের করা। অথচ কোথাও কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত পানীয়, কোথাও ক্রাউন বেভারেজের পণ্য, আবার কোথাও আমদানি করা অ্যালকোহল জব্দের ঘটনাকে মাদকবিরোধী অভিযানের সাফল্য হিসেবে প্রচার করা হয়েছে। অভিযানে অতিথিদের গ্রেপ্তার ও তাদের ভিডিও সরাসরি প্রচারের ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে।
অথচ একই সময়ে বড় ইয়াবা ও আইস সিন্ডিকেটের আস্তানা কিংবা মাদক কারবারে নেপথ্যের গডফাদারদের বিরুদ্ধে উল্লেখযোগ্য যৌথ অভিযান কতটা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নেহাল করিম বললেন, ‘মাদক যখন কোনো সমাজে মহামারী আকার ধারণ করে, তখন সেই সমাজের নৈতিক ও পারিবারিক কাঠামো ভেঙে পড়ে। ইয়াবা বা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে সন্তান যখন মা-বাবাকে খুন করে, তখন বুঝতে হবে সমাজ কতটা পচে গেছে। রাষ্ট্র যদি মাদকের গডফাদারদের রাজনৈতিক আশ্রয় দেওয়া বন্ধ না করে, তবে শুধু চুনোপুঁটি ধরে এই সামাজিক অবক্ষয় ঠেকানো সম্ভব নয়।’
তিনি আরও বললেন, ‘মাদক প্রতিরোধে রাষ্ট্রীয় শক্তিশালী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। অনুমোদিত বারে যেভাবে অভিযান চালাতে দেখা যায়, ইয়াবার মতো অবৈধ ও নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে সেভাবে অভিযান খুব একটা চোখে পড়ে না। সরকারকে এ বিষয়ে নজর বাড়াতে হবে।’
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর হোসেইন বলেছেন, ইয়াবা, আইস ও হেরোইনের মতো নিষিদ্ধ মাদক এবং হোটেল-রেস্তোরাঁ ও বারে অনুমোদিত অ্যালকোহল নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভিন্ন বিষয়। অ্যালকোহল নিষিদ্ধ পণ্য নয়; দেশে উৎপাদন ও আমদানি দুটিই আইনসম্মত কাঠামোর মধ্যে সম্ভব। তিনি বললেন, ‘দেশের একমাত্র অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি সরকারের মালিকানাধীন। প্রতিষ্ঠানটি বছরে ৫০০-৬০০ কোটি টাকা লাভ করে। বৈধ বারগুলো অ্যালকোহল বিক্রির ওপর ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট পরিশোধ করে। ফলে এসব প্রতিষ্ঠানকে অযথা অভিযানের লক্ষ্যবস্তু বানিয়ে আতঙ্ক সৃষ্টি করা উচিত নয়।’
তার অভিযোগ, বারবার অভিযানে অতিথিদের গ্রেপ্তার, মামলা ও সরাসরি ভিডিও প্রচারের কারণে বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়ছে। এতে পর্যটনশিল্প, বিদেশি বিনিয়োগ এবং সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হতে পারে।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ সাংবাদিকদের জানিয়েছেন, এগুলো কোনো উদ্দেশ্যপ্রণোদিত বা হয়রানিমূলক অভিযান নয়। বন্ডেড ওয়্যারহাউজ বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে শুল্কমুক্ত বিদেশি মদ বিক্রির ক্ষেত্রে অনিয়ম, অবৈধ মজুদ কিংবা লাইসেন্সের শর্ত লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়ম মেনে চলা বৈধ ব্যবসার ক্ষতি করা অধিদপ্তরের লক্ষ্য নয়।



