দেশে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে

গ্রাফিকস: আগামীর সময়
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।
আজ বৃহস্পতিবার দুপুরে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।
এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থল ছিল শিবপুর।
চলতি বছরের ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তখন নারায়ণগঞ্জ।
সাম্প্রতিক সময়ে দেশে অনূভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল নরসিংদী। গত বছরের ২১ নভেম্বরের ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে শুধু জেলাতে ৫ জন মারা যান। আহত হন শতাধিক। এ ছাড়াও বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী ঢাকাতেও ভয়াবহ কম্পন অনুভূত হয়।



