মির্জা ফখরুল
দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির চ্যালেঞ্জ

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি
দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির কাছে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকালে রাজধানীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় এই মন্তব্য করেন তিনি।
উপস্থিত দল ও অঙ্গ সংগঠনের মাঠ নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন। সেই যুদ্ধটি হচ্ছে দেশ ও দেশের মানুষ এবং গণতন্ত্রকে রক্ষা করার। সেই যুদ্ধে জয়ী হয়েছেন আপনারা। সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি।’
‘এখন আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আমরা একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে সরকারে এসেছি। যে দিকে তাকাবেন, সেদিকে শুনবেন নাই নাই নাই। আসলে অবস্থাটাও তাই। এই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা, টেনে তোলা- দলকে শুধু নয়, সরকার এবং রাষ্ট্রকে; এটাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ’, যোগ করেন স্থানীয় সরকারমন্ত্রী।
এ সময় নিজেদের অত্যন্ত আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। জানালেন, আমাদের নেতা তারেক রহমান যিনি নির্বাসনে থেকেও আমাদের নেতৃত্ব দিয়েছেন। দেশে সফল একটা অভ্যুত্থান ঘটিয়েছেন এবং একই সঙ্গে সফল নির্বাচনে জয়লাভের মধ্যে সরকারে এসেছেন।’
‘আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা তার এই নেতৃত্ব, দলের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, এগুলোকে স্মরণ করে যেন দলকে আরও সুসংগঠিত করি। তৃণমূল পর্যায়ে সকল মানুষের কাছে আমাদের দলের যে কাজগুলো হচ্ছে সেগুলো পৌঁছে দেই এবং একটা যোগসূত্র রক্ষা করি’- আরও যোগ করেন ফখরুল।
এদিন বেলা পৌনে ১১টায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের এই মতবিনিময়সভা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।





