মালিহা জেরিনের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়
রিপু
সবচেয়ে যাকে বেসেছিলে বেশি ভালো
আকুল অধীর মত্ত মদির মনে
সবচেয়ে তাকে ফেঁসেছিলে দিয়ে কালো
অনড় আঘাতে কৃতঘ্ন দু’নয়নে
বেসেও যে ভালো বোবা মন হৃদ বন্ধ
পৃথিবী কি চেনে এরকম উন্মাদ
ভালোবাসা নাকি দৃষ্টি করেছে অন্ধ
মননে বাজেনি প্রেমিকারও অনুনাদ
ভেঙে শঙ্খকে কলঙ্কে লেপে যাত্রা
অঙ্ক না মেলা যজ্ঞের কারুকার্যে
আঘাতের পর আঘাত করার মাত্রা
প্রেমিকার ঠোঁট পোড়ালো আগুন কার যে
ভালোবেসে তবু বাজালে পুরনো স্বরও
ভুলিয়ে জীবন অর্ফিয়াসেরে মেনে
প্রেমিকাকে চাও যেচে হত্যার পরও
কে জেনেছে কবে রিপুকে সে কত চেনে
প্রত্যাখ্যাতিকা
তবে যাক ফিরে যাক আমারই সে ডাক
রাখঢাক খুলে যাক অবেলায় ঝুলে থাক
তাক তাক অনুভূতি আর তার শিকড়েরা যত
ক্ষত ফের মুখ খুলে আর না বলুক কথা
যথা আকুলতা সব ব্যথাতুর ভাঙচুর
ঝুরঝুর করে যাক ঝরে এবেলা
অবহেলা পেলে শেষে হেসে না দেখুক আর
পেছনের আঁকা কোনো ছবি তার
খুবই যার আগমনে না-গমন স্বরই সুরে থাক
সুবিহার
ফিরে ফিরে আনো সেই সব আলো
সন্ধ্যার নিকোনো পারিজাত তুমি
আকাশের অর্ঘ্য মাখো নিমীলিত চোখে
নিষ্কম্প ধ্যানের মতন
বাতাসেরও আড়ালে রেখে
আঁধারের গহন চুম্বন
পেয়ে বসো তুমি কিছু অলীক পালকের
রাতচরা ডানা। বাঞ্ছিত বাসনার
সুখ ফুঁকা ধোঁয়াদেরও
আগে আগে ওড়ো তুমি
পুরজন কোলাহলে ভেঁপুর মাদন তুলে
আন্ধারে বান্ধা ছন্দ শোনাও
ফিরে ফিরে আনো তুমি
সেই সব সুর
এ আলোর সুরেই বারেবার
হারিয়েছি যেন কত
মনোগামী পথ
খেদ
আমিই তো উঠে যাওয়া চলে যাওয়া এক পথ
আমিই তো ফেলে এসেছি বিরল সন্ধ্যামালা
তবু পরতে পরতে জিইয়ে রেখেছি কোথায়
জীবনের অনিন্দ্য ঘনিষ্ঠ ছায়া
আনন্দের সব আলোলিত সংলাপ
কোনোদিন শেষ হয়েছে
আমি তো সেই হিরণ্ময় সময়ের গান
নৈঃশব্দ্যের নিকটে পৌঁছে গাই
জানি এ সকল শব্দ
আবার শব্দ
আবার জড়িয়ে থাকা
আবার পান্থের পায়ে পায়ে জাগে
অসীম সীমানার আদিগন্ত রেখা
আমি জানি
আমি জানি এ সকল খেদ
আমাকেই মনে থাক
সময়ের এক কোণে কী কারণে কে বা জানে
অন্ধকারের মতো একফালি রাত হয়ে এলে
জাগালে দারুণ ঘুম কপোলে আবেগী চুম
ছড়িয়ে জড়িয়ে মন— সংগতি পেলে
আরও কিছু অনুযোগ তারও আরও অভিমান
টান টান উর্দির বুক পকেটেই চেপে
গোপনেই রেখে দিলে ফেলে
একবার সাধবার মনে কি করে না আর
পকেটের চুপে ফেলে পেছনের পরিচিত
নিজস্ব আলাপের টোকা
সময় তবুও যায় মন চায় আজও চায়
না থাকার থাকাতেও আমাকেই মনে থাক
ঠিক ঠিক মনে রাখা আমার এ মন বড় বোকা



