বর্ষায় লিমেরিক

গ্রাফিকস: আগামীর সময়
১.
তুমি না হয় শ্রাবণ চেন, আমি চিনি বর্ষা
আমি হলাম শ্যামলা গোছের তুমি না হয় ফর্সা
কফিশপে বৃষ্টি দেখে
কী লাভ বলো গল্প লেখে
তারচে’ চলো হাঁটতে থাকি একটা ছাতাই ভরসা।
২.
কালিদাসকে মেইল করেছি, দাও না মেঘের ছন্দ
বৃষ্টিধারা জলের সাথে ভাসুক মনে দ্বন্দ্ব
মেঘদূতকে কাছে ডেকে
একটা নতুন কাব্য লেখে—
কয় কালিদাস, অনলাইনে মেঘের এন্ট্রি বন্ধ।
৩.
বর্ষা ঋতুর বর্ণমালায় বৃষ্টি আনে জল
জলের ভেতর সাত জনমের সৃষ্টি কোলাহল
এমন দিনে ঘুমাও যদি
জাগবে না আর শুকনো নদী
কেমন তোমার ভালোবাসা নেই যে কলোকল?
৪.
হৃদয় নামের অ্যাপসে ঢুকে ট্রাই করেছি দু’বার
ইচ্ছে ছিল তোমায় নিয়ে বৃষ্টি জলে ডুবার
ডুবতে তুমি অ-রাজি তাই
তাই তো মোহর আর খুঁজি নাই
জ্যাম পেরিয়ে উত্তরা যাই, ভাড়ায় নিলাম উবার।
৫.
এক বর্ষায় ঘনঘটা অগোছালো জলে
অর্থনীতি ডুবে থাকে, রাজনীতিটা চলে
প্রতিশ্রুতির বাঁকে বাঁকে
ভেজা শহর থমকে থাকে
সত্যরা যায় ম্যানহোলেতে, মিথ্যা শপিং মলে।
৬.
প্লাটো, অ্যারিস্টটল এবং রুশোর যত তত্ত্ব
ভুলে গিয়ে বৃষ্টি বলে, কদম ফুলই সত্য
দার্শনিকের চিন্তা বাতিল
আকাশ দেখায় মেঘের পাতিল
শরীর ভেজা শালিক জোড়া ভালোবাসায় মত্ত।
৭.
যাই যাই করে হয়নি যাওয়া ময়ূর বেশে মেঘের দেশে
মেঘের কলস কোমরে যার হয়নি দেখা বলো কে সে?
বৃষ্টি কি তার কান্না-হাসি?
বৃষ্টি আমি ভালোবাসি
ঝুমুর ঝুমুর বর্ষার গান কে শোনাল প্রাণে এসে?
৮.
বর্ষা মানে ব্যাঙের ভাষা, অনলাইনে ই-বুক
বৃষ্টি এসে দেয় ভিজিয়ে রাজকন্যার চিবুক
করপোরেটের পণ্য হাতে
ডালিম কুমার ঘোড়ায় মাতে
মেঘপরীকে প্রেম শেখাবে, দিনের আলো নিভুক।
৯.
আমি যে তোমার ভরা শ্রাবণের বর্ষা ঋতুর ছন্দ
আমার বুকেতে সুবাস ছড়ায় কদম ফুলের গন্ধ
আমি তো হলাম শ্রাবণধারা
আমি তো হলাম পাগলপারা
চোখের পাতায় জল মেখে হই তোমার জন্য অন্ধ।
১০.
শস্য-বীজের প্রাণ মাখালাম মাটির বিছানাতে
তোমার জন্য বাঁধলাম প্রাণ জল-নৌকার সাথে
প্রাণে প্রাণে জাগলো প্রাণ
জল থই থই জলের গান
বৃষ্টি মানেই আবোল-তাবোল সখ্য জলের সাথে।




