পোশাকে আয়না আর লিপস্টিক! এল ফ্যানিংয়ের এ কেমন ফ্যাশন

‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’সিনেমার প্রিমিয়ারে হলিউড তারকা এল ফ্যানিং
নিউইয়র্কে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার প্রিমিয়ারে এল ফ্যানিং যা করলেন, তা সবাইকে চমকে দিয়েছে। গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত ওই প্রিমিয়ারে ২৮ বছর বয়সী এই হলিউড তারকা হাজির হন প্রসাধনী সামগ্রী দিয়ে সাজানো এক ব্যতিক্রমী গাউনে। স্টাইলিস্ট সামান্থা ম্যাকমিলেনের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী জিভঁাশির ক্রিয়েটিভ ডিরেক্টর সারাহ বার্টনের নকশায় তৈরি বিশেষ পোশাকটি পরেন। গাউনটির ওপরের অংশে রত্নপাথরের বদলে বসানো ছিল পুরোনো আমলের সত্যিকারের কমপ্যাক্ট মিরর ও লিপস্টিক। আর নিচের অংশে মেঝে ছোঁয়া ফোলানো টুল কাপড়ের ঘের, যা পোশাকটিকে দিয়েছে নাটকীয় রূপ।শুধু পোশাক নয়, এলের চুলের সাজেও ছিল চমক। সোনালি কোঁকড়ানো চুলের ওপর তিনি পরেছিলেন স্টিফেন জোনসের তৈরি হেডপিস, যেখানে খোলা কমপ্যাক্ট আয়না ও গোলাপি রিবন দেওয়া পাউডার পাফ যুক্ত ছিল। গালে গাঢ় গোলাপি ব্লাশ আর ঠোঁটে বেরি রঙের লিপস্টিকে তাকে দেখতে লাগছিল একেবারে সিনেমার চরিত্র এফি ট্রিঙ্কেটের মতোই। মূলত এই প্রিকুয়েল সিনেমায় এল অভিনয় করেছেন তরুণ এফি ট্রিঙ্কেটের ভূমিকায়, যে চরিত্র আগের সিনেমাগুলোতে এলিজাবেথ ব্যাংকসকে জনপ্রিয়তা দিয়েছিল। সুজান কলিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।মার্কিন ম্যাগাজিন “হারপার’স বাজার” সূত্রে জানা যায়, ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড জিভঁাশির ২০২৫ সালের শরৎ-শীতকালীন সংগ্রহের একটি মিনিড্রেস থেকে অনুপ্রাণিত হয়ে এই গাউন তৈরি করা হয়েছে। ব্র্যান্ডটির গয়না নির্মাতা দল পুরোনো কমপ্যাক্ট ও লিপস্টিকগুলোকে বিশেষ কৌশলে জুড়ে পোশাকের সঙ্গে সেলাই করে দিয়েছে। পুরো প্রচারণা জুড়েই মেথড ড্রেসিংয়ের পথে হাঁটছেন এল ফ্যানিং, যেখানে চরিত্রের জাঁকজমকপূর্ণ স্বভাব ধরা পড়ে তার পোশাকে। এর আগে লন্ডনে ফ্যান স্ক্রিনিংয়ে রবার্ট উনের গোলাপি গাউন কিংবা গুচির পান্না সবুজ স্যুট ও ভিনটেজ কার্টিয়ার গয়নায়ও আলোচনা তৈরি করেছিলেন তিনি।
নিউইয়র্কের এই প্রসাধনী-গাউন দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে। অনেকেই মজা করে বলেছেন, প্রিমিয়ারে এল ফ্যানিং নন, বরং সরাসরি এফি ট্রিঙ্কেটই হাজির হয়েছেন। কেউ কেউ ২০১৯ সালের মেট গালায় কার্লি ক্লসের বিখ্যাত মন্তব্যের সুরে এটিকে আসল ‘ক্যাম্প’ ফ্যাশন বলে প্রশংসা করেছেন। তবে কেউ আবার এটিকে সাহসী ফ্যাশন না বলে কসপ্লের সঙ্গে তুলনা করেছেন; ব্লাশের রঙ নিয়েও দেখা গেছে ভিন্নমত। সব মিলিয়ে চরিত্রের সঙ্গে মানানসই এমন খামখেয়ালি সাজ দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এল ফ্যানিং।






