ইসলামে সংবাদ পরিবেশনের নৈতিক ভিত্তি
- ইলমুল রিজাল ও আধুনিক ফ্যাক্ট-চেকিং
- সংবাদ শুধু তথ্য নয় একটি আমানত
- ইসলামের আলোকে ফ্যাক্ট-চেকিংয়ের মূলনীতি

প্রতীকী ছবি
ইসলামে সংবাদ পরিবেশনের নৈতিক ভিত্তি
মানুষের সভ্যতা যত এগিয়েছে, তথ্য ও সংবাদ ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকের বিশ্বে সংবাদমাধ্যম শুধু ঘটনাবলীর বর্ণনাকারী নয়; বরং এটি জনমত গঠনকারী এক শক্তিশালী মাধ্যম। কিন্তু এই শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন নৈতিক ভিত্তি। যা ইসলাম বহু আগেই নির্ধারণ করে দিয়েছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا
‘হে মুমিনগণ! যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।’ (সূরা হুজুরাত, আয়াত : ৬)
মুফাসসিরগণ বলেন, এই আয়াতটি শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়; বরং এটি সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে তথ্য যাচাইয়ের একটি মৌলিক নীতি। ইমাম ইবন কাসীর (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াত মানুষের মধ্যে অপপ্রচার ও অন্যায় সিদ্ধান্ত গ্রহণ থেকে রক্ষা করার জন্য একটি স্থায়ী নির্দেশনা।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
“كفى بالمرء كذبًا أن يحدث بكل ما سمع”
‘কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে যা শুনে তাই বলে বেড়ায়।’ (সহীহ মুসলিম, হাদীস ৫)
এই হাদিস আধুনিক সাংবাদিকতার জন্য এক গভীর সতর্কবার্তা। কারণ আজকের যুগে তথ্যের গতি যত দ্রুত, বিভ্রান্তির ঝুঁকিও তত বেশি। যাচাইবিহীন সংবাদ শুধু ভুল নয়; এটি সমাজে বিশৃঙ্খলা, অবিশ্বাস ও বিভেদ সৃষ্টিতে বড় উপকরণ হিসেবে কাজ করে।
ইসলামি ঐতিহ্যে সংবাদ যাচাইয়ের সবচেয়ে উন্নত উদাহরণ পাওয়া যায় হাদীস শাস্ত্রে। মুহাদ্দিসগণ একটি হাদীস গ্রহণের আগে বর্ণনাকারীদের চরিত্র, স্মৃতিশক্তি, নৈতিকতা এবং সনদের ধারাবাহিকতা গভীরভাবে বিশ্লেষণ করেছেন। ‘ইলমুল রিজাল’ নামে পরিচিত এই পদ্ধতি ইতিহাসে তথ্য যাচাইয়ের এক অনন্য দৃষ্টান্ত, যা আধুনিক ফ্যাক্ট-চেকিং ব্যবস্থার পূর্বসূরি বলা যায়।
ইমাম নববী (রহ.) তার গ্রন্থসমূহে বারবার সতর্ক করেছেন, মানুষের মুখে শোনা প্রতিটি কথাকে সত্য ধরে নেওয়া উচিত নয়। একইভাবে ইবনে খালদুন (রহ.) তার ‘মুকাদ্দিমা’-তে ইতিহাস ও সংবাদ যাচাইয়ের ক্ষেত্রে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়েছেন।
এ বাস্তবতায় একটি নতুন পত্রিকার দায়িত্ব আরও বেশি। সেই দায়িত্ববোধকে সামনে রেখেই ‘আগামীর সময়’ তার প্রস্তুতি সম্পন্ন করছে। সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার এই নীতিগুলোকে ধারণ করেই এগিয়ে যেতে চায় ‘আগামীর সময়’ যেনো এটি শুধু একটি সংবাদপত্র না হয়; বরং ‘আগামীর সময়’ হয়ে উঠতে চায় একটি নৈতিক আন্দোলনের অংশ।
কারণ, সংবাদ শুধু তথ্য নয়; এটি একটি আমানত। আর এই আমানতের সঠিক হেফাজতই নির্ধারণ করবে একটি সমাজের ভবিষ্যৎ।
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
saifpas352@gmail.com
















