নতুন গ্র্যাজুয়েটরা সাবধান!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের ফলে বিশ্ব জুড়ে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা তরুণদের চাকরির বাজারে বড় ধরনের সংকট সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম। ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন। থারমান শানমুগারত্নম বললেন, ‘এআই-সংযুক্ত খাতগুলোতে এন্ট্রি-লেভেল জব বা তরুণদের প্রথম চাকরির চাহিদা এখন নাটকীয়ভাবে কমে যাচ্ছে। তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট, যে খাতগুলোতে এআইর প্রভাব সবচেয়ে বেশি, সেখানে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে।’
বিশ্বব্যাংকের ‘হাই-লেভেল অ্যাডভাইজরি কাউন্সিল অন জবস’-এর কো-চেয়ার থারমান আরও শঙ্কা প্রকাশ করেছেন, প্রযুক্তির এই আকস্মিক ও ব্যাপক পরিবর্তনের ফলে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নতুন করে অর্থনৈতিক বৈষম্য তৈরি হতে পারে।
এই বৈশ্বিক সংকট মোকাবিলা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে বিশ্বনেতাদের এখনই কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স



