গ্রামীণফোন আনল ‘ওয়ানএআই’

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন সাধারণ মানুষের দোরগোড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা পৌঁছে দিতে মাইজিপি অ্যাপে চালু করেছে ‘ওয়ানএআই’ নামক একটি নতুন ও যুগান্তকারী প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে একটিমাত্র ইন্টারফেস এবং একক সাবস্ক্রিপশনের আওতায় চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক ও জেমিনাইয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক এআই মডেল এবং টুল একসঙ্গে ব্যবহার করার সুবিধা পাবেন। পৃথকভাবে বিভিন্ন এআই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা দূর করে দেশের প্রযুক্তিপ্রেমী ও সাধারণ গ্রাহকদের জন্য এআই ব্যবহার আরও সহজ, সুলভ ও সাশ্রয়ী করার লক্ষ্যেই এই সেবাটি আনা হয়েছে।
রাজধানীর জিপি হাউজে আয়োজিত ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে এই ওয়ানএআই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হকসহ প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রেহান আসিফ আসাদ দেশের ডিজিটাল রূপান্তরে এআইয়ের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার যে লক্ষ্য সরকারের রয়েছে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অপরিহার্য।’
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই’ যাত্রার একটি নতুন অধ্যায় সূচিত হলো। গ্রাহকদের হাত ধরে এআইয়ের সম্ভাবনা সরাসরি পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।
ওয়ানএআই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা দৈনন্দিন নানা প্রয়োজন মেটাতে পারবেন; যার মধ্যে রয়েছে গবেষণা, কনটেন্ট তৈরি, কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডকুমেন্ট বিশ্লেষণ, সারসংক্ষেপ তৈরি এবং এআই দিয়ে ছবি তৈরি করার মতো বহুমুখী কাজ। গ্রামীণফোন গ্রাহকরা মাইজিপি অ্যাপের মাধ্যমেই সরাসরি এই সেবা উপভোগ করতে পারবেন এবং মোবাইল ব্যালান্স দিয়েই পছন্দসই প্যাকেজ কিনতে পারবেন। বিশেষ করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সেবার মূল্য শুরু হয়েছে প্রতি মাসে মাত্র ৭১ টাকা থেকে, যার মাধ্যমে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং কোডিং সহায়তার মতো প্রয়োজনীয় সুবিধাগুলো সহজেই পাওয়া যাবে।



