আলমগীর ও উটের জকি

আঁকা : সোহানুর রহমান
সচ্ছলতা ও ভালো কাজের প্রলোভন দেখানো হয়েছিল অসহায় এক পরিবারকে। কিন্তু ভিনদেশে এসে দেখলেন, তাদের জন্য কোনো কাজ নেই। দুই শিশুকে হতে হবে উটের জকি।
১৯৯৮ সাল। ভোলার চরশিপলী গ্রামের এক সাধারণ পরিবার। মোসলেম ও বিউটি বেগমের সংসারে দুই ছেলে ইসমাইল ও ইমরান। বড় ছেলে ইসমাইলের বয়স তখন ৮ বছর, ছোট ইমরানের মাত্র ৫। অভাব-অনটনের মধ্যেও দুই সন্তানকে ঘিরে মা-বাবার অনেক স্বপ্ন। সন্তানরা একটু ভালো থাকবে, সংসারে ফিরবে সচ্ছলতা— এমন আশাতেই দিন কাটছিল তাদের। কিন্তু কে জানত, ভালো জীবনের সেই স্বপ্নই একদিন দুই শিশুকে ঠেলে দেবে অচেনা এক মরুভূমির বিভীষিকায়!
সে সময় পরিবারটির জীবনে আবির্ভাব ঘটে আলমগীর নামের এক ব্যক্তির। পরিচিতির সূত্র ধরে তিনি মোসলেম ও বিউটি বেগমকে জানান, সুদূর দুবাইয়ে কাজের সুযোগ রয়েছে। সেখানে গেলে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে, সন্তানদেরও ভালোভাবে রাখা যাবে। অভাবের সংসারে এমন প্রস্তাবকে আশার আলো হিসেবেই দেখেছিলেন মোসলেম ও তার স্ত্রী। বিদেশে কাজের সুযোগ, ভালো উপার্জন আর একটু সচ্ছল জীবনের স্বপ্ন তাদের আচ্ছন্ন করে ফেলে। সেই আশ্বাসে তারা আলমগীরের ওপর আস্থা রাখেন। দুবাই যাওয়ার জন্য অর্থও দেন।
দুই শিশুসন্তান ইসমাইল ও ইমরানকে নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোসলেম ও বিউটি বেগম। পরিচিত গ্রাম, আত্মীয়স্বজন আর চেনা পরিবেশ ছেড়ে নতুন জীবনের আশায় পাড়ি জমিয়েছিল পরিবারটি। কিন্তু দুবাইয়ে পৌঁছানোর পরই তাদের জন্য অপেক্ষা করছিল ভয়াবহ এক বাস্তবতা।
আদালতে দাখিল করা অভিযোগ ও পরবর্তী সময়ে প্রকাশিত রায়ের বিবরণ অনুযায়ী, দুবাইয়ে পৌঁছানোর পর আলমগীর ৫ বছরের ইমরান ও ৮ বছরের ইসমাইলকে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে দেন। এরপর শিশু দুটিকে উটের জকি হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করে দেওয়া হয়। মুহূর্তেই মা-বাবার সান্নিধ্য হারিয়ে দুই শিশু জড়িয়ে পড়ে মানব পাচারের এক নির্মম চক্রে। যে বয়সে তাদের হাতে বই-খাতা থাকার কথা, সে বয়সেই তাদের জায়গা হয় উটের পিঠে।
ওই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উটের দৌড় ছিল জনপ্রিয় প্রতিযোগিতা। উটের পিঠে চড়ে যারা দৌড়ে অংশ নিত, তাদের বলা হতো উটের জকি। একসময় উটের গতি বাড়ানোর জন্য কম ওজনের শিশুদের বেছে নেওয়া হতো। ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অসংখ্য শিশুকে প্রলোভন দেখিয়ে পাচার করা হতো মধ্যপ্রাচ্যে। তাদের অনেকেরই বয়স থাকত ১০ বছরের নিচে। বিশালদেহী উটের পিঠে তাদের বেঁধে দৌড় করানো হতো। সামান্য ভুল কিংবা ভারসাম্য হারালেই ঘটতে পারত বড় দুর্ঘটনা। শিশুদের নিরাপত্তা বা শৈশবের কোনো মূল্য ছিল না পাচারকারী ও উটের মালিকদের কাছে।
আলমগীর ৫ বছরের ইমরান ও ৮ বছরের ইসমাইলকে তাদের মা-বাবার কাছ থেকে আলাদা করে দেন
ইমরান ও ইসমাইলের জীবনেও নেমে আসে সেই নির্মম বাস্তবতা। মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দুবাইয়ে উটের জকি হিসেবে তাদের ব্যবহার করা হতে থাকে। এদিকে সন্তানদের হারিয়ে দিশাহারা হয়ে পড়েন মোসলেম ও বিউটি বেগম। যে আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন, সেই আশাই পরিণত হয়েছিল জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে।
২০০১ সালের ২৩ আগস্ট আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বিউটি বেগমের বক্তব্য উঠে আসে। সেখানে তিনি জানান, সন্তানদের জীবনযাপন ছিল কষ্টকর। দুই ছেলে মাসে ৩০০ দিরহাম উপার্জন করত। কিন্তু তাদের কোনো শিক্ষা গ্রহণের সুযোগ ছিল না। খেলাধুলা কিংবা বিশ্রামের অবকাশও ছিল সীমিত। কাজের পর সন্ধ্যায় মায়ের সঙ্গে দেখা করার সুযোগ মিলত। সন্তানদের এমন জীবন দেখে ভেঙে পড়েছিলেন তিনি। মায়ের বক্তব্যে উঠে আসে, সন্তানদের এভাবে আর কাজ করতে দিতে চান না তিনি।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আসে স্বস্তির খবর। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২০০১ সালের ৪ অক্টোবর ইমরান ও ইসমাইলকে দুবাই থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। প্রায় তিন বছর পর দুই শিশুর পা পড়ে আবারও নিজের দেশের মাটিতে। দেশে ফেরার পর তাদের দায়িত্ব নেয় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংস্থাটির তত্ত্বাবধানে তাদের রাখা হয়।
তবে দুই শিশুর উদ্ধারের মধ্য দিয়েই ঘটনাটির শেষ হয়নি। তাদের পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে শুরু হয় আইনি প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি পাচারকারী মাসুদ পারভেজ আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মামলাটি আদালতে গড়ায়। সেখানে দুই শিশুকে দুবাইয়ে নিয়ে যাওয়া এবং উটের জকি হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করার অভিযোগ বিচারিক প্রক্রিয়ায় উঠে আসে।
অবশেষে ২০০৪ সালের মার্চে আসে মামলার রায়। ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা বেগম শিশু পাচারের অভিযোগে আলমগীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে উটের জকির নামে শিশুদের ব্যবহার বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে পদক্ষেপ নেয় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০০২ সালে দেশটিতে ১৫ বছরের কম বয়সী এবং ৪৫ কেজির কম ওজনের শিশুদের উটের জকি হিসেবে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হতে সময় লাগে।
২০০৫ সালে আইন আরও কঠোর করা হয়। একই বছরের মে মাসে ইউনিসেফের সঙ্গে চুক্তি করে ইউএই সরকার। এর আওতায় উটের দৌড়ে ব্যবহৃত শিশুদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়।
বাংলাদেশও এই উদ্যোগের আওতায় বিপুলসংখ্যক শিশুকে দেশে ফিরিয়ে আনে। ২০০৫ সালের ১১ আগস্ট প্রথম দফায় ৩৬ বাংলাদেশি শিশু দেশে ফেরে। পরবর্তী কয়েক মাসে বিভিন্ন দফায় আরও শিশু ফিরে আসে।



