সায়াটিকার কারণ ও লক্ষণ

মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু সায়াটিক নার্ভ যখন চাপের মুখে পড়ে বা প্রদাহগ্রস্ত হয়, তখন কোমরের নিচের অংশ থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে তীব্র ব্যথা, ঝিনঝিন, অবশ ভাব কিংবা দুর্বলতা দেখা দেয়, যা সায়াটিকা নামে পরিচিত।
কারণ
মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া, মেরুদণ্ডের নালির সংকীর্ণতা, বয়সজনিত ক্ষয়, অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে কাজ করার ফলে এ সমস্যা হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করেন বা ভারী জিনিস বহন করেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন।
লক্ষণ
কোমর থেকে এক পাশের নিতম্ব ও পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়া এর প্রধান লক্ষণ। অনেক সময় স্বাভাবিক হাঁটাহাঁটি বা দাঁড়িয়ে থাকতে সমস্যা হওয়া, পায়ে জ্বালাপোড়া ও অবশ ভাব অনুভূত হতে পারে।
সায়াটিকার চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। সঠিক ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি ও জীবনযাত্রার ভঙ্গি সংশোধনের মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ থাকা সম্ভব।
প্রতিরোধ
দীর্ঘক্ষণ বসে কাজ করলে মাঝেমধ্যে অবস্থান পরিবর্তন করুন এবং সঠিক ভঙ্গি বজায় রাখুন। সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করা এড়িয়ে চলুন। ভারী জিনিস তোলার সময় সঠিক কৌশল অনুসরণ করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন। ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন।
লেখক: ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আলোক হেলথকেয়ার, মিরপুর



