হাত-পা অবশ হয়ে যাওয়া কি স্নায়ুর সমস্যার সংকেত

দীর্ঘ সময় পা মুড়ে বসে থাকলে বা হাতের ওপর চাপ পড়লে হাত-পা ঝিনঝিন করা বা অবশ হয়ে যাওয়া খুবই সাধারণ একটি অভিজ্ঞতা। এমন ক্ষেত্রে কিছুক্ষণ পরই তা স্বাভাবিক হয়ে যায়, এতে চিন্তার কিছু নেই। কিন্তু যদি বারবার হাত-পা অবশ হয়ে যায় বা দীর্ঘক্ষণ এই অনুভূতি থেকে যায়, তাহলে তা স্নায়ুর কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।
যেসব কারণে হাত-পা অবশ হতে পারে
· দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যা স্নায়ুর ক্ষতি করে (ডায়াবেটিক নিউরোপ্যাথি)
· ভিটামিন বি১২-এর ঘাটতি
· স্নায়ুতে চাপ পড়া, যেমন— কারপাল টানেল সিনড্রোম বা মেরুদণ্ডের সমস্যা
· থাইরয়েডের সমস্যা
· রক্তসঞ্চালনে বাধা
· কখনো কখনো স্ট্রোকের পূর্বলক্ষণ
যেসব লক্ষণে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন
· শরীরের একপাশে হঠাৎ অবশ ভাব, বিশেষত মুখ, হাত বা পায়ে
· অবশের সঙ্গে কথা জড়িয়ে যাওয়া বা দুর্বলতা
· দীর্ঘদিন ধরে হাত-পায়ে ঝিনঝিন বা জ্বালাপোড়া
· অবশের কারণে হাঁটতে বা জিনিস ধরতে সমস্যা
· অবশের সঙ্গে ব্যথা বা পেশি দুর্বল হয়ে যাওয়া
এর মধ্যে শরীরের একপাশে হঠাৎ অবশ ভাব, মুখ বেঁকে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া স্ট্রোকের জরুরি লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে একমুহূর্তও দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিন। মাঝেমধ্যে চাপজনিত সাময়িক অবশ ভাব স্বাভাবিক। তবে কারণ ছাড়া বারবার বা দীর্ঘস্থায়ী অবশ অনুভূতিকে অবহেলা করা ঠিক নয়। সঠিক সময়ে কারণ নির্ণয় হলে বেশিরভাগ স্নায়ুর সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
লেখক: সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম



