অপরূপ ক্যাম্পাস যেন গবেষণার উন্মুক্ত ময়দান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিশেষ আয়োজন। লিখেছেন ত্রিশানুর রহমান। ছবি তুলেছেন রনি দে
হতাশার মোড়! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি স্পটের এমনই অদ্ভুত নাম। এই মোড় পেরিয়ে নবাব ফয়জুন্নেছা হলের অদূরেই উদ্ভিদ উদ্যান। নানা প্রজাতির ফুলে সাজানো। ৬০ একর পাহাড়ি ও সমতল ভূমির এ উদ্যানে রয়েছে প্রায় ৪০০ প্রজাতির গাছপালা। বন্ধুদের সঙ্গে উদ্ভিদ উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বাহারুল ইসলাম সোহান। বৈচিত্র্যময় বৃক্ষ ও ফুল দেখে বিমোহিত তিনি বললেন, ‘নিঃসন্দেহে এটি দেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস। এ সৌন্দর্যের অনেকটা জুড়ে আছে আমাদের বোটানিক্যাল গার্ডেন।’
শুধু উদ্ভিদ উদ্যান নয়; পাহাড়, ঝরনা, লেক আর ঘন সবুজ অরণ্যের সৌন্দর্যে সমৃদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক অপরূপ নন্দনকানন। পুরনো কলা ভবনের পেছনে রয়েছে প্রাকৃতিক ঝরনা। রয়েছে নীরা পাহাড়, টেলিটক পাহাড়, সক্রেটিস পাহাড়সহ নাম জানা কিংবা অজানা অনেক পাহাড়। এসব পাহাড়ে প্রতিনিয়ত চলে শিক্ষার্থীদের রোমাঞ্চকর অভিযান। নাম না জানা পাহাড়গুলোর নামকরণও করেন শিক্ষার্থীরা। এ ক্যাম্পাসে রয়েছে পাহাড়বেষ্টিত নান্দনিক এক জলাধার, শিক্ষার্থীরা যার নাম দিয়েছেন ‘মায়া লেক’।
বিশ্ববিদ্যালয়ের এই সৌন্দর্যে প্রতিদিন মুগ্ধ হন ছাত্র-শিক্ষকরা, বিশেষত নবীন শিক্ষার্থীরা সৌন্দর্য অন্বেষণে বেশি আগ্রহী। প্রকৃতির মধ্যে বসবাস ও পড়ালেখার এই সুযোগ দারুণভাবে উপভোগ করেন তারা। ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী জয় চন্দ্র শীল বললেন, ‘আমার অ্যাকাডেমিক ভবনটি গাছপালা ও অরণ্যের মধ্যে। এর আশপাশে সবই পাহাড় ও বন। বৃক্ষরাজির মধ্যে বসে ক্লাস করতে পারার অনুভূতি অসাধারণ।’ একই সেশনের ইতিহাসের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাকিবের রুম পাহাড়ঘেরা নান্দনিক হল শহীদ ফরহাদ হোসেন হলে। তিনি বললেন, ‘প্রতিদিন সকালে জানালা দিয়ে তাকিয়ে নীরা পাহাড় দেখি। মনে হয়, পাহাড় যেন দুহাত বাড়িয়ে আমায় ডাকছে।’
শুধু শিক্ষার্থীরাই নন; ক্যাম্পাসের সৌন্দর্যে মুগ্ধ স্থানীয়রাও। এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও দর্শনার্থী আসেন এখানে। বিশেষত সরকারি ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটেন ফরেস্ট্রির রাস্তায়, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা জমান শহীদ মিনার কিংবা সেন্ট্রাল ফিল্ডে, কেউ আবার ছোট সন্তানকে বোঝান বিশ্ববিদ্যালয়ের মাহাত্ম্য। তেমনই একজন রোকসানা খানম, তিন সন্তানকে নিয়ে চট্টগ্রাম শহর থেকে ঘুরতে এসেছেন বিশ্ববিদ্যালয়ে। তিনি বললেন, ‘এখানকার হল, খেলার মাঠ, অ্যাকাডেমিক বিল্ডিং, লাইব্রেরি ইত্যাদি দেখে আমার সন্তানদের মধ্যেও এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার আগ্রহ তৈরি হবে।’
সব প্রজাতির নেউল ও গুইসাপ রয়েছে এই ক্যাম্পাসে। রয়েছে দুর্লভ প্রজাতির মথুরা পাখি। সব মিলিয়ে এই ক্যাম্পাস দেশের অন্যতম সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের ভাণ্ডার
প্রাকৃতিক পরিবেশের সঙ্গেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ বন্যপ্রাণী। এ ক্যাম্পাসের পাহাড় ও ঘন জঙ্গল বন্যপ্রাণীর অভয়ারণ্য। সচরাচরই দেখা যায় বুনো শূকর, বনমোরগ; গাছে গাছে শোনা যায় পাখিদের কিচিরমিচির। আর সাপ তো ক্যাম্পাসবাসীর নিত্যদিনের সঙ্গী!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহসান। তিনি বললেন, ‘আমাদের ক্যাম্পাসের জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। বিপুলসংখ্যক প্রাণীর সঙ্গে অনেক দুর্লভ প্রজাতির প্রাণীও আছে এখানে।’ ১৯৮২ সালে এই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তিনি ছাত্রদের নিয়ে করছেন নানা গবেষণা। তার অধীনে ব্যাঙ, সাপ, কাছিম, পাখিসহ অনেক প্রাণী নিয়ে গবেষণা হয়েছে। তিনি জানালেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার প্রজাতির কাছিম, ১৭ প্রজাতির টিকটিকি ও ৩৮ প্রজাতির সাপ রয়েছে। ২০২৩ সালে প্রকাশিত তার লেখা ‘বার্ডস অব দ্য চিটাগং ইউনিভার্সিটি ক্যাম্পাস ইন বাংলাদেশ: আ ফিল্ড গাইড’ বইয়ে তিনি ২২৫ প্রজাতির পাখির কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ক্যাম্পাসে আরও বেশ কিছু প্রজাতির পাখি আবিষ্কৃত হয়েছে, যেগুলো নিয়ে গবেষণা চলমান। তার মতে, ‘দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তুলনায় আমাদের এখানেই সবচেয়ে বেশি প্রজাতির পাখি রয়েছে। অনেক অতিথি পাখির আগমনও ঘটে এখানে। ক্যাম্পাসের জলাশয়গুলো পাহাড়বেষ্টিত ও আবদ্ধ না হলে আরও বেশি প্রজাতির অতিথি পাখি দেখা যেত।’
ড. ফরিদ আহসান আরও জানালেন, বাংলাদেশে তিন প্রজাতির নেউল ও তিন প্রজাতির গুইসাপ পাওয়া যায়। সব প্রজাতির নেউল ও গুইসাপ রয়েছে এই ক্যাম্পাসে। রয়েছে দুর্লভ প্রজাতির মথুরা পাখি। সব মিলিয়ে এই ২ হাজার ৩০০ একরের ক্যাম্পাস দেশের অন্যতম সমৃদ্ধশালী জীববৈচিত্র্যের ভাণ্ডার। তবে মানুষের অসচেতনতার কারণে কখনো কখনো এই জীববৈচিত্র্যে আঘাত আসে বলে মন্তব্য করেছেন ড. ফরিদ আহসান। বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোতে প্রায়ই চাষাবাদের জন্য আগুন দেওয়া হয়। এটি বন্যপ্রাণীদের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে প্রাণিবিদ্যা বিভাগে বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করা হয়। এ ধরনের সেমিনার অন্যান্য বিভাগেও আয়োজন করা উচিত বলে মনে করেন ড. ফরিদ আহসান। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই ক্যাম্পাসের জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারবেন এবং তা রক্ষায় আরও বেশি সচেতন হবেন।




