উচ্চশিক্ষার জন্য বিদেশে

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বৃত্তিসহ বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১২৬। বৃত্তি ছাড়াও গিয়েছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের ‘অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ এবং ‘চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ সোসাইটি’র তথ্য অনুযায়ী, এই ১২৬ জনের মধ্যে ৫৬ জনের গন্তব্যই যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, এশিয়ার চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশেও উচ্চশিক্ষা নিতে গেছেন শিক্ষার্থীরা। ২০২৫ সালে শতাধিক এবং তার আগের বছর প্রায় একশ জন শিক্ষার্থী বিদেশে পড়তে গেছেন। প্রতি বছরের মতো এবারও বিজ্ঞান বিভাগগুলো থেকে বিদেশে গেছেন বেশিরভাগ শিক্ষার্থী। তবে ব্যতিক্রমী বিষয় হচ্ছে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতার পাশাপাশি কলা ও মানববিদ্যা অনুষদের বাংলা এবং পালি থেকেও শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন মনে করেন, শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সফলতা। তিনি জানালেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অ্যাকাডেমিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে একটি বিশেষ প্রশাসনিক সেল ‘অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (ওআইএ) গঠন করা হয়েছে।
বিদেশের শিক্ষার্থীদেরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে একটি ডরমিটরি তৈরি করা হচ্ছে, যেটি ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা। এ ছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও কারিকুলাম সম্পর্কে জানানো হচ্ছে।



