টোটো কোম্পানি
মেঘালয়ের মেঘ ছুঁয়ে পাঁচগাঁওয়ে

এমপির ঘাটের পুকুর ও পেছনে টিলার রাজ্য। ছবি: আসিফ আল আজাদ
পাঁচগাঁওয়ে পৌঁছে যখন শুনলাম, সীমান্তসংক্রান্ত বিধিনিষেধের কারণে ঝরনায় যাওয়ার পথ বন্ধ, তখন চারজনের মুখেই হতাশার ছাপ। অবশ্য তখনো বুঝিনি, যে ঝরনা দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছি, তার চেয়েও সুন্দর কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।
বিশ্ববিদ্যালয়জীবন অ্যাসাইনমেন্ট, ক্লাস আর প্রেজেন্টেশনে বন্দি। একটি কাজ শেষ হতে না হতেই আরেকটি এসে হাজির। এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে বন্ধু আমানউল্লাহ তাসনীমসহ ঠিক করলাম নেত্রকোনার কলমাকান্দা ঘুরে আসব। আমাদের পরিকল্পনা শুনে ঢাকা থেকে যোগ দিতে চাইল দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায়হান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের আসিফ।
২৪ আগস্ট রায়হান আর আসিফ এসে হাজির হলো ময়মনসিংহের ত্রিশালে আমার নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্রোহী হলে। সেখান থেকে চলে গেলাম আমার বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। পরদিন সকাল সকাল রওনা দিলাম কলমাকান্দার সীমান্তবর্তী পাঁচগাঁওয়ের উদ্দেশে। দুর্গাপুরের নাজিরপুর মোড় থেকে অটোরিকশায় শুরু হলো যাত্রা। চণ্ডীগড় বাজার পেরিয়ে গাড়ি বদল করলাম। অটোরিকশার ভেতরে বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনা, পুরনো স্মৃতি আর একে অন্যকে খোঁচাখুঁচির মধ্যেই পথ ফুরিয়ে আসছিল। তা ছাড়া রাস্তার দুই পাশের সবুজ মাঠ, ছোট ছোট বসতি আর দূরের গাছপালা দেখতে দেখতে মনে হচ্ছিল, পরিচিত এ অঞ্চলকেও যেন নতুন করে আবিষ্কার করছি।
কলমাকান্দা বাজারে পৌঁছে নদীর ধারে, ব্রিজের পাশের একটি চায়ের দোকানে বসলাম। নিচে দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে উব্দাখালী নদী নামে পরিচিত। ভ্রমণের পথে চায়ের দোকান আমায় বরাবরই টানে। সেখানে তাড়াহুড়ো থাকে না। নদীর দিকে তাকিয়ে গরম চায়ে চুমুক দেওয়ার মধ্যেও একধরনের স্বস্তি আছে। আমাদের অবশ্য চায়ের চেয়ে আলোচনা বেশি হলো। এমন সব বিষয় নিয়ে তর্ক চলছিল, যার কোনো সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজনও ছিল না। শেষ পর্যন্ত উঠতেই হলো। সামনে যে পাঁচগাঁও!
আবার অটোরিকশায় উঠলাম। মিনিট পনেরো যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। প্রথমে হালকা, তারপর এমন ঝমঝমিয়ে বর্ষণ যে, চারপাশ ঝাপসা হয়ে এলো। অটোর ভেতরেও বৃষ্টির ছাঁট এসে লাগছিল। আমরা ভিজছিলাম, কিন্তু কারও তেমন আপত্তি ছিল না। দুই পাশে নদী, বিল আর জলমগ্ন বিস্তীর্ণ জমি। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়। কখনো পাহাড়ের গায়ে মেঘ নেমে আসছে, কখনো বৃষ্টির আবরণে তার চূড়া আড়াল হয়ে যাচ্ছে। বাতাসে ভেজা মাটির গন্ধ।
কিছুক্ষণ পর বৃষ্টি থামল। চারপাশের গাছপালা ধুয়েমুছে আরও সবুজ হয়ে উঠেছে। পাতায় জমে থাকা পানি টুপটাপ ঝরছে। আমরাও পৌঁছালাম পাঁচগাঁওয়ে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী এ জনপদের ওপারে ভারতের মেঘালয়ের গারো পাহাড়, এপারে টিলার সারি আর বাংলাদেশের সবুজ গ্রাম। আশপাশে রয়েছে চন্দ্রডিঙ্গা পাহাড়, প্রাচীন বটগাছ ও পাতলাবনের মতো দর্শনীয় স্থান। কিন্তু এখানেই জানলাম যে ঝরনা দেখার জন্য এত আগ্রহ, সেটিতে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ঝরনা বন্ধ বলে কি এত সুন্দর জায়গায় এসে মুখ গোমড়া করে থাকা যায়? চারপাশের সবুজ পাহাড় দেখতে দেখতে চলল ফটোশুট। এখানে ছোট ছোট টিলা পড়েছে বাংলাদেশে আর সীমান্তের ওপারে উঁচু পাহাড়গুলোর ঠিকানা। তবে গাছপালায় ঠাসা এ সবুজ টিলাগুলোও নয়ন জুড়ানো। এরপর আবার গাড়িতে উঠতেই চালক ভাই জানালেন, সামনেই একটি সুন্দর ব্রিজ আছে।
আমরা বললাম, ‘কথা না বাড়িয়ে নিয়ে চলেন।’
আবার চারপাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলা। কোথাও কোথাও অনেকদূর বিস্তৃত ধানক্ষেতের পর হঠাৎ শুরু হয়ে গেছে পাহাড়। ধানের হলুদ আর পাহাড়ের সবুজ মিলিয়ে চোখ আটকে রাখার মতো এক দৃশ্য। ব্রিজের ওপর থেকে তরতর করে বয়ে চলা নদী আর চারপাশের টিলার রাজ্য দেখলাম। তারপর সেখানের একটা দোকানে খাওয়াদাওয়া সেরে সবাইকে বললাম, ‘এবার চলো, এমপির বাড়ির পুকুরপাড়ে যাই।’
স্থানীয়ভাবে ‘এমপির ঘাট’ নামে পরিচিত জায়গাটি পাঁচগাঁওয়ের বড় আকর্ষণ। পুকুরের শান্ত জল আর পেছনের পাহাড় একসঙ্গে মিলে অসাধারণ এক দৃশ্য তৈরি করেছে। সীমান্তে বাংলাদেশের শেষ পুকুর এটি। পুকুরপাড়ে দাঁড়িয়ে সামনের জল আর দূরের পাহাড়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এরকম জায়গায় এলে অকারণেই কিছুক্ষণ চুপ করে থাকতে ইচ্ছে করে। অথচ আমাদের দলে বেশিক্ষণ নীরব থাকা কঠিন। কিছুক্ষণ পরই আবার ছবি তোলার হিড়িক। রায়হান ঢাকা থেকে একটি কাউবয় হ্যাট নিয়ে এসেছিল। সেই হ্যাট সেদিন আমাদের ফটোশুটের অন্যতম আকর্ষণ হয়ে উঠল। একে একে সবাই মাথায় দিয়ে ছবি তুললাম। কারও মাথায় সেটি বেশ মানাচ্ছে, কাউকে দেখে হাসি পাচ্ছে। বিকালের দিকে যখন বাড়ি ফেরার সময় হলো, মনে হলো আর কিছুটা সময় থেকে গেলে বেশ হতো।
যেভাবে যাবেন
শীতে ভ্রমণের জন্য পাঁচগাঁও চমৎকার জায়গা। ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দায় যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম বাস। মহাখালী বাস টার্মিনাল থেকে কলমাকান্দাগামী বাস পাওয়া যায়। জনপ্রতি ভাড়া ৪৫০ থেকে ৫০০ টাকা। নেত্রকোনা সদর কিংবা দুর্গাপুর হয়ে স্থানীয় বাস, অটোরিকশায়ও কলমাকান্দা পৌঁছানো যায়। রেলপথে যেতে চাইলে কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস বা হাওর এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনা কিংবা ঠাকুরাকোনা স্টেশনে নামতে হবে। এ ছাড়া বলাকা কমিউটার ট্রেনে জারিয়া ঝাঞ্জাইল স্টেশনে নেমেও স্থানীয় যানবাহনে কলমাকান্দা যাওয়া যায়।




