গোপালগঞ্জ কারাগারের দেয়ালে শেখ হাসিনার ছবিটি কি আসল?

ছবি: আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ছবিতে দাবি করা হচ্ছে-গোপালগঞ্জ জেলা কারাগারের সীমানা প্রাচীরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি অঙ্কন করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এই ছবিটি মোটেও বাস্তব নয়; বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে যা পাওয়া গেছে
আগামীর সময় ভাইরাল হওয়া ছবিটির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট এলাকায় খোঁজ নেওয়া হলে এবং প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালালে এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। গোপালগঞ্জ কারাগারের দেয়ালে এ ধরনের কোনো চিত্রকর্মের অস্তিত্ব নেই এবং মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো খবর প্রকাশিত হয়নি।
পরবর্তীতে ভাইরাল ছবিটি একাধিক এআই ডিটেকশন টুলের মাধ্যমে যাচাই করা হলে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ছবির ভিজ্যুয়াল অসামঞ্জস্য ও ডিজিটাল প্যাটার্ন বিশ্লেষণেও এআই জেনারেশনের ইঙ্গিত মেলে।
সামগ্রিক তথ্য-প্রমাণ বিশ্লেষণে এটি নিশ্চিত যে, গোপালগঞ্জ জেলখানার দেয়ালের ভাইরাল ছবিটি সম্পূর্ণ কাল্পনিক ও প্রযুক্তিগতভাবে তৈরি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই এআই-জেনারেটেড ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।





