মহারাজার সিক্যুয়েল আনছেন বিজয় সেতুপতি

বিজয় সেতুপতি
২০২৪ সালে পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল তামিল সিনেমা ‘মহারাজা’। মাত্র একটি সামান্য ডাস্টবিন চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া অসাধারণ টুইস্ট ও ক্রাইম-থ্রিলার গল্প দেখে মুগ্ধ হয়েছিলেন বিশ্বজুড়ে থাকা দর্শকরা। বক্স অফিস থেকে শুরু করে ওটিটি, সবখানেই রীতিমতো ঝড় তুলেছিল বিজয় সেতুপতি অভিনীত এই সিনেমাটি।
এবার এই সিনেমার ভক্তদের জন্য এলো জোড়া খুশির খবর। খুব শীঘ্রই আসছে ‘মহারাজা ২’ এবং কেবল তা-ই নয়, তৈরি হতে যাচ্ছে সিনেমাটির হলিউড রিমেকও।
সম্প্রতি একটি সিনেমার অডিও লঞ্চ অনুষ্ঠানে এসে বিজয় সেতুপতি নিজেই নিশ্চিত করেছেন ‘মহারাজা ২’-এর খবর। তিনি জানান, পরিচালক নিথিলান স্বামীনাতন ইতিমধ্যেই তাকে দ্বিতীয় পর্বের অসাধারণ চিত্রনাট্য শুনিয়েছেন, যা প্রথম পর্বের চেয়েও দুর্দান্ত হতে যাচ্ছে।
শুধু ভারতে নয়, চীনেও রেকর্ড ৯১.৬৫ কোটি রুপির ব্যবসা করে ‘মহারাজা’। এর পরপরই এক বড় হলিউড এজেন্সি সিনেমাটির রিমেক রাইটস কিনে নেয়।
প্রযোজক সুধন সুন্দরমের কাছ থেকে এই খবর পেয়ে উচ্ছ্বসিত বিজয় সেতুপতি কৌতুক করে বলেন, ‘আমাকে ওই হলিউড রিমেকে ছোট একটি চরিত্র হলেও জোগাড় করে দাও ভাই! বিনিময়ে আমি দরকার পড়লে বিনাপারিশ্রমিকে একটি সিনেমায় ফ্রিতে কাজ করে দেব, তাও আমাকে হলিউডে নিয়ে চলো।’ ধারণা করা হচ্ছে, হলিউড রিমেকে মূল চরিত্রে অভিনয় করতে পারেন বিখ্যাত অস্কারজয়ী তারকা ম্যাথিউ ম্যাককনাহে।
নিথিলান স্বামীনাতন পরিচালিত এবং অনুরাগ কাশ্যপ ও সাঞ্চনা নামিদাস অভিনীত এই সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দারুণ প্রশংসিত হয়। এবার এর সিক্যুয়েল এবং হলিউড রিমেকের খবরে উন্মুখ হয়ে আছেন সিনেপ্রেমীরা।




