দক্ষিণী সিনেমার ‘প্যান-ইন্ডিয়া’ ট্যাগ নিয়ে প্রশ্ন তুললেন ন্যানি

ন্যানি
দক্ষিণী সিনেমা উত্তর ভারতে ব্যবসাসফল হলেই গায়ে চেপে বসে ‘প্যান-ইন্ডিয়া’ তকমা। অথচ বলিউডের হিন্দি সিনেমা দক্ষিণে কোটি কোটি রুপি ব্যবসা করলেও তা শুধুই ‘হিন্দি সিনেমা’ থাকে। ইন্ডাস্ট্রির এই বৈষম্যমূলক মানসিকতা ও দ্বিমুখী নীতি নিয়ে এবার সরাসরি ক্ষোভ উগরে দিলেন তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা, ন্যানি।
আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় থাকা তার বহুপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য প্যারাডাইস’ এর প্রচারণায় চেন্নাইয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।
ন্যানি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘যখন একটি হিন্দি সিনেমা দক্ষিণ ভারতে তুমুল ব্যবসা করে, আমরা কিন্তু সেটাকে প্যান-ইন্ডিয়া সিনেমা বলি না, বলি হিন্দি সিনেমা। কিন্তু দক্ষিণের কোনো ছবি পুরো ভারতে সাফল্য পেলেই তাকে প্যান-ইন্ডিয়া ট্যাগ দিয়ে আলাদা করা হয়। এই বিভাজনটা আমার একদম পছন্দ নয়। আমি চাই আমার সিনেমাকে শুধুই একটি ভালো সিনেমা হিসেবে চেনা হোক, কোনো ভৌগোলিক ট্যাগে নয়।’
চেন্নাইয়ের প্রতি নিজের ভালোবাসার কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এ তেলুগু সুপারস্টার। তিনি বলেছেন, ‘তামিল সিনেমা আমার কাছে বাইবেলের মতো। কমল হাসন, মনি রত্নম, ভারতীরাজাদের সিনেমা দেখেই আমার অভিনয় শেখা। চেন্নাইয়ে পা রাখলেই মনে হয় নিজের ঘরে ফিরেছি।’
অতীতে তার অভিনীত দুটি তামিল সিনেমা ‘ভেপ্পাম’ ও ‘আহা কল্যাণম’ ফ্লপ হলেও, ভবিষ্যতে পরিচালক মনি রত্নমের সঙ্গে কাজ করার স্বপ্নের কথা ব্যক্ত করেন তিনি।
‘দসরা’ খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার পরিচালনায় ন্যানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ ঘিরে এখন তুঙ্গে ভক্তদের উন্মাদনা। ১৯৮০ সালের সামন্তবাদী নিপীড়নের বিরুদ্ধে এক প্রান্তিক মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে ন্যানিকে দেখা যাবে ‘জাদাল জামানা’ চরিত্রে।
আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তির আলো দেখতে যাওয়া ২ ঘণ্টা ৪৯ মিনিটের এই থ্রিলার সিনেমাটির বিশেষত্ব হলো—প্রথাগত কোনো ট্রেলার ছাড়াই বিশ্ব জুড়ে একযোগে মুক্তি পাবে ছবিটি।




