ফোক গান নিয়ে ব্যাতিক্রমী আয়োজন
বিনোদন প্রতিবেদক

বাংলার লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের এ আয়োজনে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ছয় সংগীতশিল্পী।
আয়োজনটিতে স্থান পেয়েছে বাংলার লোকসংগীতের ভান্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের গান। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন। সংগীতায়োজনের পাশাপাশি পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম। আর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
আয়োজন প্রসঙ্গে তরিক আল ইসলাম বলেন, ‘বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই গানগুলোর প্রতিটি পঙ্ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীতঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।’
ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানগুলো।




