সিট বেল্ট বাঁধা ছিল না, গাড়ি থেকে ছিটকে পড়ে মারা গেলেন গায়ক
বিনোদন ডেস্ক

সিজে বিচ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কান্ট্রি সংগীতশিল্পী সিজে বিচ। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। গানের এক অনুষ্ঠান শেষ করে সেখান থেকেই বাড়ি ফিরছিলেন সিজে বিচ। ফেরার পথেই গত ৭ নভেম্বর ভোরে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর বাবা।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেও মঞ্চে গান পরিবেশন করেছিলেন সিজে বিচ। ফ্লোরিডার পানাসিয়া এলাকার স্যালটি ডঙ্কি নামের একটি রেস্তোরাঁয় সংগীত পরিবেশন করেন তিনি।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়েন সিজে বিচ। এ সময় তার গাড়িটি রাস্তার পাশের একাধিক গাছে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় তার সিটবেল্ট বাঁধা ছিল না বলে জানা গেছে। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিজে বিচ ফ্লোরিডার স্থানীয় সংগীতজগতের পরিচিত মুখ ছিলেন। একক সংগীতশিল্পী হিসেবে পারফর্ম করার পাশাপাশি ‘সিজে অ্যান্ড দ্য ডেডম্যান’ ব্যান্ডের সদস্য হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এই তরুণ। সেখানে নিজের গান ও ব্যান্ডের বিভিন্ন পরিবেশনার ভিডিও নিয়মিত প্রকাশ করতেন তিনি।




