১০ ঘণ্টা পর বাবার খোঁজ পেলেন নায়িকা মেঘলা মুক্তা

বাবার সাথে মেঘলা মুক্তা
নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর বাবার খোঁজ পেয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিকে তার সন্ধান পায় পরিবার।
ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি জানান অভিনেত্রী নিজেই। বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
বাবার সন্ধান পাওয়ার বিষয়ে মেঘলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার ছবি দেখে এক ব্যক্তি তাকে শনাক্ত করেন। পরে পরিবারকে ফোন করে বিষয়টি জানান তিনি।
পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর তাকে ফিরে পান পরিবারের সদস্যরা।
তবে বাবার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন মেঘলা। তিনি জানান, তার বাবা ভীষণ অসুস্থ। বাবাকে ফিরে পাওয়াকেই এখন সবচেয়ে বড় স্বস্তি হিসেবে দেখছেন তারা। বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
এর আগে সোমবার রাত ৮টার দিকে রাজধানীর উত্তরখান থেকে ভাটারা এলাকার উদ্দেশে রওনা হয়েছিলেন মেঘলার বাবা মিজানুর রহমান দুলাল। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তার। এর পর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফেসবুকে বাবার ছবি দিয়ে সবার সহযোগিতা চান মেঘলা।
বাবার অসুস্থতার কথা জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। পরে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।




