আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জেমসসহ যারা গাইবেন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৭ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এতে সংগীত পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জনপ্রিয় শিল্পী জেমসসহ দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্যান্ড।
কনসার্টে জেমসের পাশাপাশি সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। দেশের জনপ্রিয় এসব ব্যান্ডের পরিবেশনায় মুখর হয়ে উঠবে মানিক মিয়া অ্যাভিনিউ।
আয়োজকরা জানিয়েছেন, আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৪টা থেকে শুরু হবে কনসার্ট ফর সলিডারিটির সংগীত পরিবেশনা পর্ব। তার ১ ঘণ্টা আগে বিকেল ৩টায় দর্শকের জন্য কনসার্ট প্রাঙ্গণে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে। কনসার্ট চলবে টানা সাত ঘণ্টা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
আয়োজকদের প্রত্যাশা, ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করবে।





