রাকুল প্রীতের মেক আপ করতে ৪ ঘণ্টা লাগতো

রাকুল প্রীত
ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় সূর্পণখার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তার কাছে বিশেষ হয়ে থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে সিনেমাটির বিশাল আয়োজন ও নির্মাণযজ্ঞের অংশ হতে পেরে গর্ব প্রকাশ করেছেন তিনি। জানালেন কিভাবে এই চরিত্রের জন্য প্রস্তুতি নিতেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রামায়ণে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন রাকুল প্রীত। সেখানে তিনি জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়দের জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গল্পের অংশ হতে পারা তার জন্য বিশেষ অনুভূতির।
অভিনেত্রী লেখেন, ‘রামায়ণে সূর্পণখার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এটি আমার জন্য সত্যিই বিশেষ একটি যাত্রা। এমন গল্পের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না, যে গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের জীবন ও সংস্কৃতির অংশ হয়ে আছে।’
সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, তাদের দূরদর্শী চিন্তা ও বড় স্বপ্নই এই আয়োজনকে বাস্তবে রূপ দিয়েছে। ভারত থেকে বিশ্বের দর্শকদের জন্য অসাধারণ কিছু নির্মাণের তাদের প্রচেষ্টা তাকে অনুপ্রাণিত করেছে।
সহশিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাকুল। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, রবি দুবে, কাজল আগরওয়াল ও শোভনাসহ পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, পর্দায় এই জাদু ফুটিয়ে তুলতে প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন।
সবশেষে রাকুল লেখেন, ‘দর্শকদের এই অভিজ্ঞতার অংশ হওয়ার অপেক্ষায় আছি। আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত। এটি শুধু একটি সিনেমা নয়, বরং এমন একটি মুহূর্ত, যা একজন ভারতীয় হিসেবে আমাকে গর্বিত করে।’






