মঞ্চে ফিরেই কাঁদলেন সেলিন ডিওন, গাইলেন ‘মাই হার্ট উইল গো অন’

সেলিন ডিওন
দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মঞ্চে ‘মাই হার্ট উইল গো অন’ গাইলেন সেলিন ডিওন। গত শনিবার প্যারিসের নানতের প্লেনিটিউড অ্যারেনায় প্রথম পূর্ণাঙ্গ কনসার্টে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন বিশ্বখ্যাত এই কানাডিয়ান সংগীতশিল্পী।
২০২২ সালে সেলিন যখন জানান, তিনি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের বিরল ও নিরাময়-অযোগ্য স্নায়বিক রোগে আক্রান্ত, তখন তার পক্ষে আর কখনো মঞ্চে ফেরা সম্ভব হবে কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। রোগটির কারণে তার শরীরে এত তীব্র পেশির খিঁচুনি হতো, যার প্রভাবে ভেঙে গিয়েছিল পাঁজরের হাড়। তাই গান গাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে সব বাধা পেরিয়ে প্যারিসে নিজের পাঁচ সপ্তাহের এই কনসার্টের উদ্বোধনী রাতে আবারও বীরদর্পে মঞ্চে ফেরেন সেলিন। গলায় বিশাল একটি হীরার হার এবং পরনে কালো পোশাক— এমন রূপেই মঞ্চে প্রবেশ করেন ৫৮ বছর বয়সী এই তারকা।
‘অন ন্য শঁজপা’ গানটি দিয়ে পরিবেশন শুরু করতেই আবেগে কেঁপে ওঠে তার কণ্ঠ। গানের দ্বিতীয় স্তবকে কান্নায় ভেঙে পড়েন তিনি। কিন্তু ‘দেস্তাঁ’ গানের সুর শুরু হতেই সেই আবেগ পরিণত হয় প্রবল আনন্দে।
মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে ‘কুইন অব পাওয়ার ব্যালেড’ খ্যাত সেলিন ডিওন বললেন, ‘আপনাদের জন্য, নিজের জন্য এবং জীবনের জন্য গান গাইতে মঞ্চে ফেরার কথা দিয়েছিলাম আমি।’
এরপর ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘মাই হার্ট উইল গো অন’ ও ‘ইটস অল বাই মাইসেলফ’-এর মতো জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শককে মুগ্ধ করেন তিনি। পরিবেশনার শেষভাগে কঠিন উচ্চস্বর ও বড় নোটগুলো সফলভাবে গাইতে পেরে তার অভিব্যক্তিতে ফুটে ওঠে স্বস্তি ও বিজয়ের হাসি।




