যে কারণে ২৩ বছর বয়স থেকে চুল রাখেন না বিশাল দাদলানি

বিশাল দাদলানি
বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি বললেই চোখের সামনে ভেসে ওঠে তার সেই পরিচিত সিগনেচার লুক, চকচকে ন্যাড়া মাথা। বছরের পর বছর ধরে একই লুকে অভ্যস্ত দর্শকদের অনেকেরই হয়তো জানা নেই যে, একসময় তার মাথায় ছিল ঘন লম্বা চুল।
সম্প্রতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ এসে ৫৩ বছর বয়সী এই সুরকার শোনালেন তার এই চিরচেনা ন্যাড়া লুকের পেছনের আসল গল্প।
স্টুডিওতে যাওয়ার পথে গাড়িতে আড্ডার ছলে অঙ্গদ বেদী জানতে চান বিশালের এই ন্যাড়া লুকের রহস্য। জবাবে নিজের লম্বা চুলের পুরনো একটি ছবি দেখিয়ে বিশাল বলেন, ‘বহু বছর আগে, ২৩ বছর বয়স পর্যন্ত আমার বেশ লম্বা চুল ছিল। সে সময় আমি প্রচণ্ড ধার্মিক ছিলাম। একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই প্রবল ইচ্ছা হলো তিরুপতি মন্দিরে গিয়ে মাথা মুণ্ডন করার। সেখানে গিয়ে চুল ফেলার পরপরই আমি প্রতিজ্ঞা করি, জীবনে আর কখনোই মাথায় চুল রাখব না।’ সেই দিনের পর থেকে আজ অবধি নিজের সেই প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন বিশাল।
একসময় প্রবল ধার্মিক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন এসেছে বিশালের। এখন তিনি প্রকাশ্যেই নিজেকে ‘নাস্তিক’ হিসেবে পরিচয় দেন। তার মতে, মন্দির বা মসজিদের চেয়ে দেশের স্কুল, হাসপাতাল ও কৃষকদের উন্নতিই সবচেয়ে জরুরি।
শুধু চুল না রাখাই নয়, শৈশব থেকে আরও একটি কঠোর নিয়ম মেনে চলছেন বিশাল, তা হলো মদ্যপান বা অ্যালকোহল থেকে দূরে থাকা।
সিন্ধি পরিবারে বেড়ে ওঠার কারণে বাড়িতে মদ্যপান অত্যন্ত স্বাভাবিক বিষয় হলেও, ছোটবেলাতেই তিনি ঠিক করেছিলেন জীবনে কখনোই মদ ছোঁবেন না। কোনো বিশেষ কারণ ছাড়াই কেবল মনের তাগিদে নেওয়া এই অদ্ভুত জেদগুলো আজও ধরে রেখেছেন বলিউডের এই সংগীতশিল্পী।




