গায়ক-অভিনেতা মুকুল জামিল আর নেই

ঢাকাই শোবিজের পরিচিত মুখ গায়ক-অভিনেতা মুকুল জামিল মারা গেছেন। রবিবার রাতে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত ও অভিনয় অঙ্গনে।
মুকুল জামিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ। শোক বার্তায় সংগঠনটি বলেছে, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য মুকুল জামিল ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর প্রয়াণে আমরা গভীর শোকাহত।’
এদিকে মুকুল জামিলের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। গায়ক-সুরকার মোহাম্মদ মিলন এক আবেগঘন পোস্টে মুকুল জামিলকে স্মরণ করেছেন।
মোহাম্মদ মিলন লিখেছেন, আমার প্রাণপ্রিয় ভাই মুকুল জামিল ভাই এভাবে হঠাৎ চলে যাবেন, এটা আমার জন্য প্রচণ্ড কষ্টের। দেখা হলেই আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কপালে চুমু দিতেন।
মুকুল জামিলের সঙ্গে নিজের দীর্ঘদিনের কাজের স্মৃতিও তুলে ধরেন মিলন। তিনি জানান, মুকুল ছিলেন সংগীতশিল্পী। তবে তার ‘সেলফি’ গান দিয়ে প্রথমবার মজার ছলে মুকুলকে মডেল হিসেবে নিয়েছিলেন। এরপর একে একে তাঁর আরও অনেক গানে অভিনেতা হিসেবে কাজ করেছেন মুকুল জামিল।
ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল মুকুল জামিলের। তার বোনের হাত ধরেই সংগীতজগতে পা রাখেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করেছেন এই শিল্পী। প্রকাশিত হয়েছে তাঁর সলো অ্যালবাম ‘আমি তো এমনই’।
শুধু গান নয়, অভিনয়েও নিজের পরিচিতি তৈরি করেছিলেন মুকুল জামিল। বিভিন্ন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সংগীত ও অভিনয়, দুই অঙ্গনেই তাঁর বিচরণ ছিল স্বতঃস্ফূর্ত। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।




