কবি ইমতিয়াজ মাহমুদের ‘ফুটনোট’ এবার শফিক তুহিনের কণ্ঠে
বিনোদন প্রতিবেদক

শফিক তুহিন ও ইমতিয়াজ মাহমুদ
সমকালীন বাংলা সাহিত্যে দুই বাংলার অন্যতম জনপ্রিয় কবি ইমতিয়াজ মাহমুদ। তার পাঠকপ্রিয় কবিতা ‘ফুটনোট’ এবার গান হয়ে শ্রোতাদের সামনে আসছে। কবিতাটি নিয়ে গান বেঁধেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার শফিক তুহিন।
রাজনৈতিক পটভূমিতে রচিত ‘ফুটনোট’ কবিতাটিতে সুর দিয়েছেন শফিক তুহিন। পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। শিগগিরই শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করা হবে।
ইমতিয়াজ মাহমুদের কবিতায় গান করা প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘আমার ভীষণ পছন্দের একজন কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ। তাঁর কবিতায় গান করতে পারাটা অত্যন্ত আনন্দের বিষয়।’
কবিতাপ্রেমী ও সংগীতপ্রেমীদের কাছে ‘ফুটনোট’ নতুন এক আবহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




