টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

মার্কিন হিপ-হপ কিংবদন্তি টুপাক শাকুর। ছবি: সংগৃহীত
মার্কিন হিপ-হপ কিংবদন্তি টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে দোষী সাব্যস্ত করেছেন লাস ভেগাস আদালত। প্রায় ৩০ বছর ধরে চলা এই মামলায় এটিই প্রথম কোনো দণ্ডাদেশ।
রায়ের পর আগামী ১৩ অক্টোবর ডেভিসের সাজা ঘোষণার দিন নির্ধারণ করেছেন ক্লার্ক কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক কার্লি কিয়ার্নি।
স্থানীয় সময় গতকাল সোমবার লাস ভেগাসের আদালতে জুরি বোর্ড ডেভিসকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসে গাড়ি থেকে গুলি করে টুপাককে হত্যার ঘটনায় ডেভিসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
রায় ঘোষণার পর ডেভিস জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
এ সময় আদালতে উপস্থিত টুপাকের স্বজনদের আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। তাদের কেউ কেউ একে অন্যের হাত ধরে ছিলেন। আবার কেউ কেউ কাঁদছিলেন একে অন্যকে জড়িয়ে ধরে। আদালতের বাইরে টুপাকের ভক্তরাও কান্না ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
১৯৯৬ সালে হত্যার সময় টুপাক শাকুরের বয়স ছিল মাত্র ২৫ বছর। ক্যারিয়ারের শীর্ষে থাকা এই র্যাপারকে বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। এপর্যন্ত বিশ্ব জুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে ৭ কোটি ৫০ লাখেরও বেশি।
মামলার প্রসিকিউটরদের দাবি, ডেভিস নিজে টুপাককে গুলি করেননি। তবে তিনি হত্যার পরিকল্পনা করেছিলেন। ডেভিসের ভাগনে অরল্যান্ডো অ্যান্ডারসন ওই বন্দুক দিয়ে টুপাককে লক্ষ্য করে গুলি চালান।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা আগে লাস ভেগাসে টুপাক ও তার সহযোগীদের সঙ্গে অ্যান্ডারসনের মারামারি হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই টুপাককে হত্যার পরিকল্পনা করা হয় বলে আদালতে যুক্তি দিয়েছেন প্রসিকিউটররা।
টুপাক হত্যাকাণ্ড মার্কিন ইতিহাসের অন্যতম আলোচিত অমীমাংসিত বা ‘কোল্ড কেস’ হিসেবে পরিচিত ছিল। প্রায় তিন দশক ধরে এ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে।
মামলায় ডেভিসের নিজের বক্তব্যকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন প্রসিকিউটররা।
ডেভিস বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন, যে সাদা ক্যাডিলাক গাড়ি থেকে টুপাককে গুলি করা হয়েছিল, তিনি সেই গাড়ির ভেতরেই ছিলেন।
২০০৮ সালে আরেক র্যাপার নটোরিয়াস বিআইজির হত্যা নিয়ে পুলিশের এক গোপন সাক্ষাৎকারেও টুপাক হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা জানিয়েছিলেন ডেভিস।
ডেভিসের আইনজীবীদের দাবি, এসব বক্তব্য আসলে সত্য নয়। বই বিক্রি ও প্রচারের জন্য ডেভিস নিজের ভূমিকা বাড়িয়ে বলেছেন এবং গল্প বানিয়েছেন।
আইনজীবী মাইকেল সানফট বলেছেন, ডেভিস একজন মিথ্যাবাদী হিসেবে গল্প বানিয়ে বই বিক্রি করে অর্থ উপার্জন করতে চেয়েছেন। ডেভিসের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার যথেষ্ট প্রমাণ নেই।
তবে প্রসিকিউটর বিনু পালাল যুক্তি দিয়েছেন, বহু বছর ধরে ডকুমেন্টারি, আত্মজীবনী, পডকাস্ট ও পুলিশের সাক্ষাৎকারে ডেভিস নিজেই টুপাক হত্যার সঙ্গে নিজেই সম্পৃক্ততার কথা বলে আসছেন।
পালাল বলেছেন, ডেভিস ছিলেন গ্যাংয়ের ‘শট কলার’। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল তার হাতেই। তাই গুলি চালানোর সময় গাড়িতে উপস্থিত থাকায় হত্যার দায়ও তার ওপর বর্তায়।
সূত্র : বিবিসি








