গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের
আগামীর সময় ডেস্ক

আরএসএফের উপপ্রধান আবদেল রহিম দাগালো- সংগৃহীত ছবি
সুদানে সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে থাকা র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) শীর্ষ কমান্ডারের ইসরায়েল সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরএসএফের উপপ্রধান আবদেল রহিম দাগালো গোপনে একাধিকবার ইসরায়েল সফর করেছেন। তবে তার সফরের সময়, উদ্দেশ্য কিংবা কার সঙ্গে তিনি বৈঠক করেছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
হেমেদতি নামে পরিচিত আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালোর ভাই আবদেল রহিম দাগালো। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর সঙ্গে লড়াই করে আসা এই আধাসামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা তিনি।
যুদ্ধ চলাকালে আরএসএফ ও তাদের মিত্র বাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যা, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অন্যান্য নির্যাতনের ব্যাপক অভিযোগ রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রও নির্ধারণ করেছে, সুদানে আরএসএফ ও তাদের মিত্র মিলিশিয়াদের সদস্যরা গণহত্যা চালিয়েছে। এ অভিযোগে সংগঠনটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন।
সূত্র: মিডলইস্ট আই








