মামলার ঝড় কাটিয়ে পর্দায় ফিরছেন জনি ডেপ

‘ডে ড্রিংকার’-এ জনি ডেপ
ব্যক্তিজীবনে ব্যাপক ঝড় বয়ে গেছে হলিউড অভিনেতা জনি ডেপের ওপর। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিমান এই তারকা ২০২২ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মামলায় জড়িয়ে একই সঙ্গে নন্দিত ও নিন্দিত হয়েছিলেন।
একসময় চুক্তিবদ্ধ চলচ্চিত্র থেকেও বাদ দেওয়া হয়েছিল তাকে। এরপর আর বড়পর্দায় দেখা যায়নি। সেই দীর্ঘ প্রতীক্ষার পর ৬৩ বছর বয়সী জনি আবারও ফিরছেন।
তার ফিরে আসার অন্যতম চলচ্চিত্র হতে যাচ্ছে মার্ক ওয়েব পরিচালিত অ্যাকশন-থ্রিলার ধারার ‘ডে ড্রিংকার’। সম্প্রতি এর ট্রেইলার প্রকাশ পেয়েছে।
একজন প্রাইভেট-ইয়ট বারটেন্ডারকে ঘিরে এই চলচ্চিত্রের কাহিনি, যার সঙ্গে এক রহস্যময় অতিথির দেখা হয়। এই রহস্যময় চরিত্রেই অভিনয় করেছেন জনি।
‘ডে ড্রিংকার’-এর ভীতিকর ট্রেইলারে দর্শক পাকা চুলের জনি ডেপের এক ঝলক দেখা পান, যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার গল্প? হয়তো এটি প্রতিশোধের কোনো কাহিনি। অথবা হয়তো তার চেয়েও খারাপ কিছু। এই পুরো বিষয়ই একটি ভূতের গল্প হলে কেমন হতো? নাকি আমি শুধুই দিনের বেলা মদ্যপান করা মামুলি এক মানুষ?’
চলচ্চিত্রটিতে জনির সহশিল্পী হিসেবে রয়েছেন মেডেলিন ক্লাইন ও পেনেলোপি ক্রুজ। আগামী বছরের ২৬ মার্চ এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অবশ্য তারও আগেই জনি ডেপকে আবারও বড়পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তার অভিনীত ‘ইবেনিজার’ চলচ্চিত্রটি আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।




