রাসেল ব্র্যান্ডের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধ, আরও ছয় নারীর অভিযোগ

রাসেল ব্র্যান্ড - এক্স
ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি অভিযোগে ১০ বছর ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ব্রিটিশ কমেডিয়ান রাসেল ব্র্যান্ডের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সম্প্রতি দোষী সাব্যস্ত হন তিনি। বর্তমানে কারাবন্দি ৫১ বছর বয়সী এই তারকার এক্স অ্যাকাউন্ট অবশ্য সচল রয়েছে।
এদিকে, রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে নতুন করে যৌন অসদাচরণ ও হয়রানির অভিযোগ এনেছেন আরও ছয় নারী। একই বিষয়ে শুক্রবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্র ‘রাসেল ব্র্যান্ড: ওপেন সিক্রেট’। এতে এমিলি ছদ্মনামে এক নারী অভিযোগ করেন, যৌন সম্পর্কের সময় জন্মনিরোধক ব্যবহার না করে তার আপত্তি উপেক্ষা করেন ব্র্যান্ড। একই অভিযোগ আরও কয়েক নারী। সাবেক প্রেমিকা জর্ডান মার্টিনের অভিযোগ, ব্র্যান্ড যৌন নিপীড়নের পাশাপাশি হোটেলে তার মোবাইল ফোন ভেঙে ফেলেন।
দোষী সাব্যস্ত হলেও অসম্মতিমূলক যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন রাসেল ব্র্যান্ড। দুটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।
রাসেল ব্র্যান্ডের উত্থান-পতন
একসময় ব্রিটেনের ‘ল্যাড কালচার’-এর অন্যতম প্রতীক ছিলেন রাসেল ব্র্যান্ড। মদ, মাদক, ফুটবল ও যৌনতার উচ্ছৃঙ্খল সংস্কৃতির চেনা মুখ হয়ে উঠেছিলেন তিনি। ২০০৭ সালে প্রকাশ হয় তার আত্মজীবনী ‘মাই বুকি উক। তার কারাদণ্ড ব্রিটেনের বিনোদনজগতের পুরোনো যৌন অসদাচরণ ও ভুক্তভোগীদের প্রতি অবহেলার সংস্কৃতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাকে অন্তত সাত বছর কারাগারে থাকতে হবে।




