হলে চলেনি, তবে নেটফ্লিক্সে ঝড় তুলেছে বিজয় সেতুপতির ‘বাথ্থা’

বিজয় সেতুপতির সঙ্গে সাই পৃথ্বিরাজ - স্টার স্টুডিও১৮
স্কুলের শৌচাগারে আটকে পড়া একজন মানুষ। বাইরে ছুটির আমেজ, অথচ ভেতরে তার বের হওয়ার পথ নেই। এমন গল্প শুনলে বাংলাদেশের দর্শকদের মনে পড়তে পারে আজিজুর রহমান পরিচালিত কালজয়ী সিনেমা ‘ছুটির ঘণ্টা’র কথা।
তবে তামিল সিনেমা ‘বাথ্থা’র গল্পে আটকে পড়া মানুষটি কোনো শিশু নয়, ১৯৮৬ সালের মাদ্রাজের এক দুর্ধর্ষ গ্যাংস্টার। আর তাকে আটকে রেখেছে স্কুলপড়ুয়া এক শিশু। এই অদ্ভুত পরিস্থিতি থেকে এগিয়েছে সিনেমার গল্প।
পরিচালক বালাজি থারানিথারনের শৈশবের স্মৃতি থেকেই এসেছে সিনেমাটির ধারণা। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ভুল করে স্কুলের শৌচাগারে এক শিক্ষককে আটকে দিয়েছিলেন তিনি।
পরে ২০২০ সালের লকডাউনে রবার্ট ব্রেসোঁর ‘আ ম্যান এসকেপড’ দেখার অভিজ্ঞতা সেই স্মৃতির সঙ্গে যুক্ত হয়। পরিচালকের ভাষ্য, গ্যাংস্টারের ক্ষমতা নয়, বরং তার রাগ, অহংকার, ভয় ও ভেতরের দুর্বলতাই তুলে ধরতে চেয়েছেন তিনি।
বিজয় সেতুপতি জানিয়েছেন, প্রথমে তিন প্রযোজক সিনেমাটি নির্মাণে রাজি হননি। পরে পরিচালক অ্যাটলি প্রযোজনায় এগিয়ে আসেন।
সাবারি চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী সাই পৃথ্বীরাজের এটি প্রথম সিনেমা। বোনের অডিশনে গিয়ে সুযোগ পান তিনি।
সমালোচকদের প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহে প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘বাথ্থা’। ১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
২৯ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পর আলোচনায় আসে এই সিনেমা। প্রথম সপ্তাহে এর ভিউ দাঁড়িয়েছে ৬৫ লাখ ঘণ্টা।
২৫ লাখ ভিউ নিয়ে অ-ইংরেজি সিনেমার বৈশ্বিক তালিকায় চতুর্থ স্থান অর্জন করে সিনেমাটি।
এদিকে ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেটফ্লিক্স বাংলাদেশের সাপ্তাহিক জনপ্রিয় সিনেমার তালিকায় শীর্ষে ছিল এটি।




