মধ্যরাতে গুলশানে গাড়ি ভাঙচুরের অভিযোগ, ফেসবুক লাইভে ক্ষোভ পরীমনির

ফেসবুক লাইভে পরীমনি
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি জমজমাট অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
রবিবার মধ্যরাতে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পরই ফেসবুক লাইভে এসে চরম ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।
রবিবার মধ্যরাতে গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী চলা ওই অনুষ্ঠানের শেষ দিন ছিল। অনুষ্ঠান শেষে বের হওয়ার মুহূর্তে হঠাৎ করেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ফেসবুকে লাইভে এসে পরীমনি দাবি করেন, পুরো অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও বের হওয়ার সময় পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
তিনি অভিযোগ করে বলেছেন, অনুষ্ঠান চলাকালীন তাকে পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে দেওয়া হয়নি।
এ বিষয়ে কারও কোনো ক্ষোভ বা সমস্যা থাকলে সরাসরি তার সঙ্গে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো। আমার সাথে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সাথে বসুক, আমার সাথে বুঝুক।’
তীব্র ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও বলেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাকে নিরাপদে বের করে নিয়ে যেতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়।
দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা? আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।’
এছাড়া শুটিং ক্লাবের ভেতরে বিভিন্ন স্টল ভাঙচুরের দায় কে নেবে এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিল্পীরা যে হেনস্তার শিকার হয়েছেন, তার দায়ভার কে নেবে, এমন প্রশ্নও তোলেন এই চিত্রনায়িকা।
ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানে সামান্য একটি সমস্যা তৈরি হয়েছিল, তবে পরীমনি নিরাপদে সেখান থেকে চলে গেছেন এবং বর্তমানে বড় ধরনের কোনো ঝামেলা নেই।
গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের জানা নেই বলে জানান তিনি।
এর আগে ৬ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমে আলোচনায় এসেছিলেন পরীমনি।
এবার গুলশান শুটিং ক্লাবের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মধ্যরাতের ফেসবুক লাইভ বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




